রাজধানীর গুলিস্তানে একটি পার্কের দক্ষিণ-পূর্ব কোণে বোমাসদৃশ বস্তু ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট বস্তুটি পরীক্ষা করে এর ভেতরে পুরোনো কাপড়-চোপড় ও বিভিন্ন ধরনের পচা ফল পায়। এতে কোনো বিস্ফোরকজাতীয় পদার্থ পাওয়া যায়নি।
সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ এ তথ্য জানান।
তিনি বলেন, রাত সাড়ে ১১টার দিকে মতিউর পার্কের দক্ষিণ-পূর্ব কোণে বোমাসদৃশ বস্তুটি দেখতে পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় থানা পুলিশের সদস্যরা। পরে সেখানে পৌঁছায় ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট।
ডিসি মোহাম্মদ হারুন অর রশিদ জানান, বস্তুটি দেখতে বোমার মতো করে তৈরি করে সেখানে রেখে যাওয়া হয়েছিল। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা সেটি খুলে পরীক্ষা করেন। এ সময় এর ভেতরে পুরোনো কাপড়-চোপড় ও বিভিন্ন ধরনের পচা ফল পাওয়া যায়। তবে কোনো বিস্ফোরকজাতীয় পদার্থ মেলেনি।

