Tuesday, October 20

দেশের প্রতিটি মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করে। তাই সংখ্যালঘু বলে আলাদা কিছু নেই, আমরা সবাই এ দেশের মানুষ। সোনারগাঁয়ে কোনো ধরনের অরাজকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ নেই বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

সোমবার (১৯ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন ও সোনারগাঁ পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি মান্নান বলেন, সোনারগাঁয়ে এবার মোট ৩৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি মণ্ডপে যাতে শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন করা যায়, সে বিষয়ে সতর্ক রয়েছে প্রশাসন ও সংশ্লিষ্টরা। সরকারের অর্থায়নের পাশাপাশি প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নিজের সামর্থ্য অনুযায়ী প্রতিটি মণ্ডপে শাড়ি ও আর্থিক সহযোগিতা পৌঁছে দিতে পেরে তিনি আনন্দিত।

পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং পূজা উদযাপন কমিটির সদস্যরা।

স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করছেন। পূজামণ্ডপে সংসদ সদস্যের উপস্থিতি ও সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেছেন তাঁরা।

Leave A Reply


Math Captcha
5 + 2 =