Tuesday, October 20

রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পের কাছে কথিত মাদকবিরোধী অভিযান চালিয়ে আরিফ হোসেন (৩০) নামে এক যুবককে মারধর করে পুলিশে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে তাঁর মাথা ফেটে যায় এবং চারটি সেলাই দিতে হয়েছে। পরে পুলিশ তাঁর ডোপ টেস্ট করেছে।

রোববার রাত ১১টার দিকে রেসিডেন্সিয়াল মডেল কলেজসংলগ্ন ফুটপাথে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয়দের দাবি, ‘নাগরিক উন্নতি সংগঠন’-এর ব্যানারে পরিচালিত অভিযানে স্থানীয় সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের নির্বাহী সহকারী ইনতিশার মাশুক প্রধানের তদারকি ছিল।

স্থানীয় সূত্র জানায়, অভিযানের সময় মাদক সেবনের অভিযোগে আরিফকে আটক করে মারধর করা হয়। পরে কলেজ গেট থেকে তাঁকে পুলিশের গাড়িতে তুলে দেওয়া হয়। পুলিশ তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা করানোর পর থানায় নিয়ে যায়।

পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, আরিফের মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তবে ইনতিশার মাশুক প্রধান এ ধরনের কোনো অভিযান পরিচালনার কথা অস্বীকার করেছেন। একইভাবে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজও তাঁর কার্যালয় থেকে কোনো মাদকবিরোধী অভিযান পরিচালনার কথা অস্বীকার করেছেন।

সোমবার বিকেলে ববি হাজ্জাজ বলেন, ৫ আগস্টের পর ওই এলাকার বাসিন্দারা আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করেছেন। পুরোনো কোনো ভিডিও নতুন করে ছড়িয়ে দেওয়া হয়ে থাকতে পারে। তাঁর কার্যালয় থেকে কেউ কোনো ধরনের মাদকবিরোধী অভিযান চালায়নি বলে দাবি করেন তিনি। ইনতিশার নামে তাঁর একজন স্টাফ রয়েছেন বলেও জানান প্রতিমন্ত্রী।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মোহাম্মদ আহমেদ নামে এক ব্যক্তিকে কথিত অভিযানে দেখা গেছে। তবে তিনি ঘটনার বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া কোনো নাগরিক সংগঠন বা ব্যক্তির এ ধরনের অভিযান পরিচালনার আইনগত বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে।

Leave A Reply


Math Captcha
88 + = 94