Monday, October 19

সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক এম এ মোতালিব ভূঁইয়ার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহাদ ভূঁইয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রোববার (১৮ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চৌধুরীপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটক আহাদ ভূঁইয়া চৌধুরীপাড়া গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকসংক্রান্ত মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। সম্প্রতি এলাকায় মাদক কারবারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেন সাংবাদিক মোতালিব ভূঁইয়া।

সংশ্লিষ্টদের অভিযোগ, ওই সংবাদ প্রকাশের জের ধরেই তার ওপর হামলা চালানো হয়েছে। তবে হামলার প্রকৃত কারণ ও এতে অন্য কেউ জড়িত কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিতের দাবি

দোয়ারাবাজার উপজেলা প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দীন এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের ওপর হামলার ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্য গভীর উদ্বেগজনক।

তিনি আরও বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি।

Leave A Reply


Math Captcha
12 − 10 =