চট্টগ্রাম নগরীর শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের আগ্রাবাদ অংশে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় ১৩ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে ডবলমুরিং থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ওই কিশোর এক সঙ্গীকে নিয়ে এক্সপ্রেসওয়েতে ঘুড়ি ওড়াচ্ছিল। একপর্যায়ে ঘুড়িটি নিচে পড়ে গেলে তা তুলতে যায় সে। এ সময় সামনে থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়।
দুর্ঘটনার পর কিশোরটির সঙ্গে থাকা অন্য কিশোরটি সেখান থেকে চলে যায়। পরে অটোরিকশায় থাকা ব্যক্তিরা আহত কিশোরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ফয়সাল জানান, ঘটনাটি পুলিশের নজরে এসেছে। কিশোরটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

