Sunday, October 11

সুনামগঞ্জের ধর্মপাশা থেকে নিখোঁজের তিন দিন পর ফজলুর রহিম কাজল মিয়া (৫০) নামে এক সাবেক সেনাসদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) সকালে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বিরামপুর উত্তরপাড়া চৌধুরীবাড়ির পেছনে গোরস্তামের পাশে একটি গাছের ডাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের পরিবারের দাবি, তাঁকে পরিকল্পিতভাবে হ’ত্যা করে গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিহত ফজলুর রহিম কাজল মিয়া সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের কাকিয়াম গ্রামের মৃত জবান আলীর ছেলে। সেনাবাহিনী থেকে অবসরের পর তিনি ধর্মপাশার একটি সৌরবিদ্যুৎ কেন্দ্রে ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

গাছের ডালে ঝুলছিল মরদেহ

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মোহনগঞ্জের বিরামপুর উত্তরপাড়া চৌধুরীবাড়ির পেছনে গোরস্তামের পাশে একটি গাছের ডালে মরদেহ ঝুলতে দেখেন স্থানীয় লোকজন। তাঁর গলায় দড়ি লাগানো ছিল। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে লোকজন জড়ো হন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিখোঁজের পর থানায় জিডি

নিহতের বড় ভাই বুলবুল মাস্টার জানান, গত বুধবার দুপুর আড়াইটার দিকে ভাইয়ের সঙ্গে তাঁর সর্বশেষ যোগাযোগ হয়। পরে রাতে নিখোঁজের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।

বুলবুল মাস্টার বলেন, শুক্রবার সকালে মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছের ডালে ভাইয়ের মরদেহ দেখতে পান। তাঁর অভিযোগ, ভাইকে পরিকল্পিতভাবে হ’ত্যা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন তিনি।

ময়নাতদন্তের পর নেওয়া হবে আইনি পদক্ষেপ

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর ইসলাম হারুন বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Leave A Reply


Math Captcha
+ 66 = 75