Friday, September 18

সাদ কান্ধলভীর অনুসারীদের টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠ ব্যবহারের অনুমতি না দেওয়ার দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

শনিবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত এক সম্মেলনে তিনি এ দাবি জানান।

শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, সাদ কান্ধলভী যত দিন ‘খালিস তওবা’ করে শুরায়ি নেজাম মেনে দেওবন্দের মুরব্বিদের কাছে রুজু না করবেন, তত দিন তাকে বাংলাদেশে আসতে দেওয়া উচিত নয়।

সরকারের উদ্দেশে হেফাজত আমির বলেন, টঙ্গীর বিশ্ব ইজতেমা আলেমদের তত্ত্বাবধানে শুরায়ি নেজামের মাধ্যমে পরিচালিত হতে হবে। একইভাবে কাকরাইল মারকাজের কার্যক্রমও ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালনার দাবি জানান তিনি।

এ সময় মাওলানা সাদ কান্ধলভীকে বাংলাদেশে এনে সন্ত্রাসবিরোধী আইনে বিচারের দাবিও জানান হেফাজতের আমির। তাঁর অভিযোগ, সাদ কান্ধলভীর অনুসারীরা ২০১৮ ও ২০২৪ সালে টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে তাবলিগের সাথি এবং মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের ওপর পরিকল্পিত হামলা চালিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার দাবিও জানান শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

Leave A Reply


Math Captcha
9 + = 11