Thursday, August 20

ইসলাম একটি পূর্ণাঙ্গ ও বাস্তবসম্মত জীবনব্যবস্থা। মানুষের প্রয়োজন, মর্যাদা ও নিরাপত্তাকে ইসলাম গুরুত্ব দিয়েছে। আধুনিক জীবনে যানবাহন মানুষের অন্যতম প্রয়োজনীয় উপকরণ। তাই নারীর গাড়ি চালানো নিয়েও ইসলামের রয়েছে ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি।

গাড়ি চালানো মূলত বৈধ

ইসলামি শরিয়তের মূলনীতি অনুযায়ী, নারী কোনো যানবাহনে আরোহণ করতে পারেন এবং নিজেও তা চালাতে পারেন। রাসুলুল্লাহ (সা.)-এর যুগে নারীরা উট ও ঘোড়াসহ বিভিন্ন বাহনে চলাচল করতেন। এ প্রসঙ্গে রাসুলুল্লাহ (সা.) বলেছেন,

خَيْرُ نِسَاءٍ رَكِبْنَ الإِبِلَ صَالِحُ نِسَاءِ قُرَيْشٍ أَحْنَاهُ عَلَى وَلَدٍ فِي صِغَرِهِ وَأَرْعَاهُ عَلَى زَوْجٍ فِي ذَاتِ يَدِهِ

‘উট চালনাকারী নারীদের মধ্যে কুরাইশের নেককার নারীগণই সর্বোত্তম। তারা সন্তানের প্রতি শৈশবে সর্বাধিক স্নেহশীল এবং স্বামীর সম্পদের সর্বোত্তম হেফাজতকারী।’ (বুখারি ৫০৮২, মুসলিম ২৫২৭)

ইসলামওয়েবের ফতোয়া অনুযায়ী, নিষিদ্ধ কোনো বিষয় যুক্ত না হলে নারীর গাড়ি চালানো বৈধ।

জরুরি প্রয়োজনে গাড়ি চালানো

পারিবারিক ও সামাজিক বিভিন্ন প্রয়োজনে নারীর গাড়ি চালানোর প্রয়োজন হতে পারে। স্বামী অসুস্থ বা অক্ষম হলে কিংবা জরুরি চিকিৎসার প্রয়োজন হলে নারী নিজেই গাড়ি চালিয়ে হাসপাতালে যেতে পারেন।

এ ছাড়া অনিরাপদ গণপরিবহন বা পথে হয়রানির আশঙ্কা থাকলে ব্যক্তিগত গাড়িতে যাতায়াত নারীর নিরাপত্তার জন্য অধিক উপযোগী হতে পারে।

গাড়ি চালানোর ক্ষেত্রে শালীনতা বজায় রাখা

নারীর গাড়ি চালানোর সময় পোশাক ও আচরণে ইসলামি শালীনতা বজায় রাখা জরুরি। আল্লাহ তাআলা বলেন,

يَا أَيُّهَا النَّبِيُّ قُل لِّأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِن جَلَابِيبِهِنَّ ۚ ذَٰلِكَ أَدْنَىٰ أَن يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ

‘হে নবী! আপনি আপনার স্ত্রীদের, কন্যাদের এবং মুমিন নারীদের বলুন, তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের ওপর টেনে দেয়। এতে তাদের চেনা সহজ হবে, ফলে তাদের উত্ত্যক্ত করা হবে না।’ (সুরা আল আহজাব, আয়াত ৫৯)

দূরপাল্লার সফরে মাহরাম

স্বাভাবিক ও স্থানীয় চলাচলের ক্ষেত্রে মাহরাম সঙ্গে থাকা আবশ্যক নয়। তবে শরিয়তের নির্ধারিত দূরপাল্লার সফরের ক্ষেত্রে মাহরাম সংক্রান্ত বিধান রয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন,

لاَ يَحِلُّ لاِمْرَأَةٍ تُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ تُسَافِرُ مَسِيرَةَ يَوْمٍ وَلَيْلَةٍ إِلاَّ مَعَ ذِي مَحْرَمٍ عَلَيْهَا

‘আল্লাহ ও পরকালে বিশ্বাসী কোনো নারীর জন্য সঙ্গে মাহরাম পুরুষ ছাড়া এক দিন ও এক রাতের পথ সফর করা বৈধ নয়।’ (মুসলিম ১৩৩৯)

গায়রে মাহরামের সঙ্গে নির্জনতা নয়

গাড়ি একটি আবদ্ধ স্থান হওয়ায় কোনো গায়রে মাহরাম পুরুষের সঙ্গে নির্জনে থাকা বৈধ নয়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন,

لاَ يَخْلُوَنَّ رَجُلٌ بِامْرَأَةٍ إِلاَّ كَانَ ثَالِثَهُمَا الشَّيْطَانُ

‘কোনো পুরুষ যখন কোনো গায়রে মাহরাম নারীর সঙ্গে নির্জনে একাকী থাকে, তখন শয়তান তাদের তৃতীয় সঙ্গী হয়।’ (তিরমিজি ১১৭১)

সুতরাং নারীর গাড়ি চালানোকে ইসলাম নিষিদ্ধ করেনি। বরং প্রয়োজনীয় চলাচলের ক্ষেত্রে নারী গাড়ি চালাতে পারেন। তবে পর্দা ও শালীনতা বজায় রাখা, গায়রে মাহরামের সঙ্গে নির্জনতা এড়িয়ে চলা এবং শরিয়তসম্মত সফরের বিধান মেনে চলা জরুরি। এসব সীমারেখা বজায় রেখে গাড়ি চালানো ইসলামের দৃষ্টিতে বৈধ।

Leave A Reply


Math Captcha
37 + = 44