Wednesday, November 4

চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাওয়া ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুস বা আনন্দ শোভাযাত্রা ঘিরে গণবিজ্ঞপ্তি দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

বুধবার (২৬ আগস্ট) জুলুস চলাকালে লালখান বাজার থেকে মুরাদপুর পর্যন্ত ফ্লাইওভারে যান চলাচল বন্ধ থাকবে।

মঙ্গলবার চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী জারি করা গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার সকাল ৮টায় ষোলশহর জামেয়া আহমেদিয়া সুন্নীয়া মাদ্রাসার সংলগ্ন আলমগীর খানকা থেকে জুলুস শুরু হবে। এটি বিবিরহাট, মুরাদপুর, ষোলশহর ২ নম্বর গেইট, জিইসি, ওয়াসা মোড়, দামপাড়া, লালখান বাজার ও টাইগার পাস হয়ে পুনরায় জুলুস ময়দানে গিয়ে শেষ হবে।

জুলুস চলাকালে লালখান বাজার-মুরাদপুর ফ্লাইওভারে যান চলাচল বন্ধ থাকবে।

এ ছাড়া সিএমপি অধ্যাদেশ ১৯৭৮-এর ২৮ ও ২৯ ধারা অনুযায়ী, মিলাদুন্নবী উপলক্ষে নগরীর বিভিন্ন স্থানে শোভাযাত্রা ও মাহফিলে অস্ত্র বহন, প্রদর্শন ও ব্যবহার এবং কুশপুতুল প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে।

আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় এবার চট্টগ্রামে ৫৫তম জুলুস অনুষ্ঠিত হবে। আগের বছরের মতো এবারও জুলুসের নেতৃত্ব দেবেন সৈয়দ মুহাম্মদ সাবির শাহ। অতিথি হিসেবে থাকবেন সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ ও সৈয়দ মুহাম্মদ আকিব শাহ।

Leave A Reply


Math Captcha
3 + 7 =