আজ সোমবার (১৯ অক্টোবর) শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী। চণ্ডীপাঠ, পুষ্পাঞ্জলি ও নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে অষ্টমীর পূজা অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ৯টায় ঢাকার রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী কুমারীপূজা।
মাতৃভাবে কুমারী কন্যাকে জীবন্ত প্রতিমা হিসেবে পূজা করে জগজ্জননীর প্রতি শ্রদ্ধা নিবেদন করাই কুমারীপূজার মূল ভাবনা। নারীশক্তির প্রতি শ্রদ্ধা জানিয়ে এদিন কুমারীকে দেবীজ্ঞানে পূজা করবেন ভক্তরা। পূজা শেষে উপস্থিত ভক্তরা কুমারী দেবীর আশীর্বাদ গ্রহণ করবেন।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, অষ্টমী তিথিতে ১ থেকে ১৬ বছর বয়সী সুলক্ষণা কুমারীকে দেবীজ্ঞানে পূজা করা হয়। ভক্তদের বিশ্বাস, প্রতিটি নারীর মধ্যেই মহামায়ার শক্তির প্রকাশ রয়েছে।
ঢাকেশ্বরী মন্দিরে সন্ধিপূজা
এদিকে ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকালে সন্ধিপূজা অনুষ্ঠিত হবে। পরে দুপুরে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহাষ্টমীর সঙ্গে দেবী দুর্গার অসুরবধের গুরুত্বপূর্ণ স্মৃতি জড়িয়ে আছে। তাই এদিনের পূজায় দেবীর আরাধনার পাশাপাশি বিশেষ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করা হয়।
মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ
এর আগে রোববার মহাসপ্তমীতে শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করতে রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপে ভিড় করেন ভক্ত ও দর্শনার্থীরা। পরিবার, স্বজন ও বন্ধুদের সঙ্গে মণ্ডপে গিয়ে প্রতিমা দর্শন, প্রার্থনা ও ছবি তোলার পাশাপাশি ঢাকের তালে উৎসবে অংশ নেন অনেকে।
মহাষ্টমী উপলক্ষে আজও রাজধানীসহ দেশের বিভিন্ন পূজামণ্ডপে সকাল থেকেই ভক্তদের সমাগম হবে বলে আয়োজকেরা জানিয়েছেন।

