নুরুল ইসলাম সুমন, কক্সবাজার
চকরিয়া কক্সবাজারের চকরিয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামীসহ অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৭ মে) চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানের সার্বিক নির্দেশনায় থানা পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়।
পুলিশ সূত্রে জানা যায়, চকরিয়া থানা এলাকা, নতুন বাসস্টেশন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা, জনতা মার্কেট, পিউরিয়া, মাতামুহুরী ব্রিজ এলাকা ও চিরিংগা স্টেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মাদক ও অস্ত্র উদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে ৭ জন পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেপ্তার করা হয়। এছাড়া সাইবার স্পেসে বিভিন্ন অবৈধ অ্যাপসের মাধ্যমে পরিচালিত অনলাইন জুয়ার সঙ্গে জড়িত মামলার এজাহারভুক্ত আরও ৩ জনকে আটক করা হয়। সব মিলিয়ে মোট ১০ জন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, “অনলাইন জুয়া বর্তমানে যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। সহজে অর্থ উপার্জনের প্রলোভনে পড়ে অনেক তরুণ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এতে সামাজিক অবক্ষয়, পারিবারিক অশান্তি ও আর্থিক ক্ষতির ঘটনা বাড়ছে। এসব অপরাধ দমনে চকরিয়া থানা পুলিশের অভিযান আরও জোরদার করা হবে এবং সাইবার অপরাধ প্রতিরোধে নিয়মিত মনিটরিং অব্যাহত থাকবে।”


