মানহানির মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজা।
সোমবার ২৭ এপ্রিল বিচারপতি জাহিদ সারওয়ার কাজলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে তার আবেদনের ওপর শুনানি হতে পারে।
এর আগে গত ২১ এপ্রিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্যের অভিযোগে দায়ের করা মামলায় আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
আদালত সূত্রে জানা যায়, সমন জারি করা হলেও নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
মামলাটি করেন সিরাজগঞ্জ জেলা দায়রা ও জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। মামলায় অভিযোগ করা হয়, ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ বলে মন্তব্য করে মানহানি করেছেন আমির হামজা। পাশাপাশি ইসলাম ধর্ম নিয়েও কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ আনা হয়।
এ ঘটনায় দণ্ডবিধির ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
গত ২৬ মার্চ মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে এক বক্তব্য দেন ইকবাল হাসান মাহমুদ টুকু। পরে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার খুতবার আগে এক আলোচনায় তাকে ‘নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করেন আমির হামজা।

