জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু-এর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে।

বুধবার (৬ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী-এর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে এ যুক্তিতর্ক শেষ হয়। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এদিন আসামিপক্ষের আইনজীবী মুনসুরুল হক চৌধুরী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন। মোট ৯ দিন ধরে নিজেদের পক্ষে বিভিন্ন আইনি দিক তুলে ধরেন তারা। শুনানিতে দাবি করা হয়, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় ইনু সংসদ সদস্য ছিলেন না এবং কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। সাক্ষীদের বক্তব্যেও তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না বলে উঠে এসেছে বলে জানানো হয়।

এর আগে গত ২ এপ্রিল আসামিপক্ষের যুক্তিতর্ক শুরু হয়। বুধবার প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর মিজানুল ইসলাম যুক্তি উপস্থাপন শুরু করেন। তবে তা শেষ না হওয়ায় ট্রাইব্যুনাল শুনানি আগামীকাল (৭ মে) পর্যন্ত মুলতবি করেন।

প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর ফারুক আহাম্মদ, মঈনুল করিম ও আবদুস সোবহান তরফদারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Leave A Reply


Math Captcha
6 + 3 =