লেবাননের দক্ষিণাঞ্চলে পুঁতে রাখা একটি বোমার বিস্ফোরণে দখলদার ইসরায়েলের এক সেনা নিহত ও নয়জন আহত হয়েছেন। শনিবার ঘটে যাওয়া এ ঘটনার কথা রোববার (১৯ এপ্রিল) জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।

নিহত সেনার নাম লিদোর পোরাত। ৩১ বছর বয়সী এই সার্জেন্ট ফার্স্ট ক্লাস (রিজার্ভিস্ট) ইসরায়েলি সেনাবাহিনীর হিরাম রিজিয়নাল ব্রিগেডের ৭১০৬তম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।

লেবানন–এর দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহ–র সঙ্গে যুদ্ধবিরতি চলার মধ্যেই এ হতাহতের ঘটনা ঘটেছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, দক্ষিণ লেবাননে তাদের নিয়ন্ত্রণাধীন একটি এলাকায় ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের একটি গাড়ি আগে থেকে পুঁতে রাখা বোমার ওপর চলে যায়। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। সেনাবাহিনীর দাবি, বোমাটি সেখানে পুঁতে রেখেছিল হিজবুল্লাহ।

বিস্ফোরণে লিদোর পোরাত নিহত হন। তিনি ও অন্যান্য সেনারা সেখানে থাকা ভারী সরঞ্জাম রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর, চারজন মাঝারি আঘাত পেয়েছেন এবং বাকি চারজন সামান্য আহত হয়েছেন।

আহতদের হেলিকপ্টারের মাধ্যমে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের পরিবারকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ঘটনাটির কারণ তদন্ত করা হচ্ছে বলেও উল্লেখ করা হয়।

এদিকে আগে থেকে পুঁতে রাখা বোমায় হতাহতের ঘটনা ঘটার পরও দখলদার ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে নতুন করে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

Leave A Reply


Math Captcha
4 + 4 =