Saturday, April 18

কুমিল্লা (মুরাদনগর): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে হাবিবুর রহমান হেলালী নামে এক জামায়াত নেতাকে আটক করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে নগদ দুই লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। তবে স্থানীয় জামায়াত নেতারা অভিযোগটিকে ‘ষড়যন্ত্র’ বলে দাবি করেছেন।

আজ বুধবার সকালে উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের নেয়ামতকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। পরে দুপুরে তাঁকে থানায় নেওয়া হয়।

আটক হাবিবুর রহমান হেলালী ধামঘর ইউনিয়ন জামায়াতের আমির এবং ছালিয়াকান্দি ইউনিয়নে জামায়াত প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

কী অভিযোগ

স্থানীয়দের দাবি, আগামীকাল অনুষ্ঠিতব্য নির্বাচনের আগে তিনি ভোটারদের মধ্যে টাকা বিতরণ করছিলেন। বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন তাঁকে আটক করে প্রশাসনকে খবর দেন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন ঘটনাস্থলে যান। প্রশাসনের দাবি, ১ হাজার টাকার দুটি বান্ডিলে মোট দুই লাখ টাকা উদ্ধার করা হয়েছে। পরে তাঁকে মুরাদনগর থানায় নেওয়া হয়।

জামায়াতের দাবি: ‘ষড়যন্ত্র’

আটকের পর হাবিবুর রহমান হেলালী অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর কাছে এত টাকা ছিল না। নির্বাচনী এজেন্টদের খাবার খরচের জন্য অল্প কিছু টাকা ছিল। তাঁর গাড়িতে জোর করে অতিরিক্ত টাকা রেখে বিএনপির লোকজন তাঁকে ফাঁসিয়েছে বলে দাবি করেন তিনি।

একই দাবি করেছেন মুরাদনগর উপজেলা জামায়াতের আমির আ ন ম ইলিয়াস। তাঁর ভাষ্য, ‘এটি পুরোপুরি ষড়যন্ত্র। জামায়াতে ইসলামী এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়।’

বিএনপির পাল্টা বক্তব্য

তবে স্থানীয় বিএনপি নেতারা জামায়াতের অভিযোগকে ‘ভিত্তিহীন ও বানোয়াট’ বলে দাবি করেছেন। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, ‘জামায়াত ভোটের পরিবেশ নষ্ট করতে বিভিন্ন এলাকায় টাকা বিতরণ করছে। আজ স্থানীয় লোকজন তাদের একজনকে হাতেনাতে আটক করেছে।’

প্রশাসনের বক্তব্য

মুরাদনগর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান বলেন, ‘টাকা বিতরণের খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের টিম ঘটনাস্থলে পাঠানো হয়। তবে হাতেনাতে আটক করা না যাওয়ায় বিষয়টি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে জানানো হয়েছে। তিনি এসে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবেন।’


আসন পরিচিতি

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে এবার ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও পাঁচবারের সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এবং ১১-দলীয় জোটের প্রার্থী ইউসুফ সোহেল।

Leave A Reply


Math Captcha
77 − = 73