ভোলায় গ্রেপ্তার হওয়া আলোচিত জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদা (৩৭)-এর জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৌরভ রায় মিঠু তার জামিন মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর ভোলা জেলা সেক্রেটারি কাজী মাওলানা হারুনুর রশিদ। তিনি জানান, আদালতে হাজির করার পর সাওদার পক্ষে জামিন আবেদন করা হলে বিচারক তা মঞ্জুর করেন।
এর আগে গত রোববার (৫ এপ্রিল) রাতে ভোলা সদর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আদর্শ একাডেমি রোডের ‘ক্ষণিকালয়’ নামের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি একই এলাকার আব্দুল হালিম বাবুলের স্ত্রী। পরদিন সোমবার (৬ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
গ্রেপ্তারের আগে বিবি সাওদা তার ব্যবহৃত ‘Sawoda Sumi’ নামের ফেসবুক আইডিতে একটি পোস্টে লিখেছিলেন, “আমরা তো চাইলে ইরান থেকে তেল আনতে পারি তারা তো অনুমতি দিছে, তাহলে দুই-তিন গুণ বেশি টাকা দিয়ে কেন ভারত থেকে তেল আনা লাগবে?” এছাড়াও বিভিন্ন সময়ে সরকারের সমালোচনা করে একাধিক পোস্ট দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।
মামলার এজাহারে পুলিশ উল্লেখ করে, রাষ্ট্র ও সরকারবিরোধী বিভিন্ন পোস্ট দেওয়ার অভিযোগে ভোলা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এবং তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ফেসবুক পোস্টের সত্যতা স্বীকার করে জানান, ভিউ বাড়ানোর উদ্দেশ্যে সমসাময়িক রাজনীতি, রাষ্ট্র ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে পোস্ট করেছেন।
পুলিশ জানায়, তিনি সাইবার সুরক্ষা নেট অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধে জড়িত। এছাড়া তার মোবাইল ফোনে থাকা পোস্টগুলো পর্যালোচনার প্রয়োজন থাকায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। এ কারণে তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয় এবং পরবর্তী কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত জেলহাজতে রাখার আবেদন জানানো হয়।
তবে শুনানি শেষে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।

