মানিকগঞ্জ-এ পারিবারিক কলহের জেরে সাথী আক্তার (২৮) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ভাগনে রিপন মিয়াকে (১৯) আটক করেছে পুলিশ।
রোববার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার কাটিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাথী আক্তার ওই এলাকার প্রবাসী শুকুর আলীর স্ত্রী। অভিযুক্ত রিপন মিয়া একই এলাকার আতাউর রহমান আতার ছেলে এবং শুকুর আলীর আপন ভাগনে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে বাড়িতে সাথী আক্তারের সঙ্গে রিপন মিয়ার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রিপন ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই সাথী আক্তারের মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা।
খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। পরে পুলিশ অভিযুক্ত রিপন মিয়াকে আটক করে।
স্থানীয়দের দাবি, গ্রেপ্তারের আগ পর্যন্ত রিপন নিহতের মরদেহের পাশেই একই কক্ষে অবস্থান করছিলেন।
মো. ইকরাম হোসেন, মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বলেন ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

