ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু জানিয়েছেন, তার সরকার লেবাননের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করতে যাচ্ছে। এই আলোচনায় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ এবং দুই দেশের শান্তিপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্ব পাবে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, আগামী সপ্তাহে ওয়াশিংটনে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
আলোচনা শুরুর আগে লেবাননের কর্মকর্তারা যুদ্ধবিরতির আহ্বান জানালেও নেতানিয়াহু স্পষ্ট করে বলেন, লেবাননে কোনো যুদ্ধবিরতি হবে না। ইরানে যুদ্ধবিরতি ঘোষণার দিনও তিনি উল্লেখ করেছিলেন, লেবানন ওই চুক্তির অন্তর্ভুক্ত নয়।
এদিকে এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, শান্তি আলোচনা এগিয়ে নিতে ইসরায়েল লেবাননের ওপর হামলা কিছুটা কমাবে। নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপের পর এনবিসি নিউজকে তিনি বলেন, “আমি বিবির সঙ্গে কথা বলেছি, সে হামলা কিছুটা কমাবে। আমার মনে হয় আমাদেরও একটু সংযত হওয়া উচিত।”
অন্যদিকে ইরানি কর্মকর্তারা লেবাননে হামলাকে চুক্তি লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে তারা আবারও হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ করার এবং পাল্টা হামলার হুমকি দিয়েছেন।
উল্লেখ্য, গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় ২০ শতাংশ পরিবাহিত হয়।

