বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাসকে নিয়ে চলমান অপমান ও কটূক্তির বিচার না হলে দলটির রাজনৈতিক ভবিষ্যৎ সংকটের মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি। তিনি বলেন, মির্জা আব্বাসকে হেয় করার মাধ্যমে মূলত পুরো বিএনপির রাজনীতিকে আঘাত করা হচ্ছে।
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে তিনি এসব মন্তব্য করেন।
গোলাম মাওলা রনি বলেন, জুলাই-আগস্ট বিপ্লবের পর থেকে একটি বিশেষ মহল মির্জা আব্বাসকে ঘিরে পরিকল্পিতভাবে একটি নেতিবাচক ন্যারেটিভ তৈরির চেষ্টা করছে। একজন সুস্থ ও সক্রিয় মানুষকে সামাজিকভাবে ধ্বংস করার জন্য যেভাবে প্রপাগান্ডা চালানো হয়, ঠিক সেই পদ্ধতিতেই তাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, মির্জা আব্বাসের ছেলের বয়সের চেয়েও ছোট রাজনীতিবিদ নাসীরুদ্দীন পাটওয়ারী প্রকাশ্যে তাকে অপমান ও কটূক্তি করছেন, যা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। একজন প্রবীণ রাজনীতিবিদকে এভাবে নিয়মিত অপমান করা কোনোভাবেই ভদ্র সমাজের রীতি হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
রনি বলেন, এ ধরনের ঘটনার সামাজিক প্রতিরোধের পাশাপাশি রাষ্ট্রীয় বিচার হওয়া প্রয়োজন। যাতে ভবিষ্যতে সমাজে এ ধরনের ঘটনা আর না ঘটে।
তিনি দাবি করেন, মির্জা আব্বাসকে ঘিরে যে অপপ্রচার চালানো হচ্ছে, তার লক্ষ্য কেবল তাকে নয়; বরং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির শীর্ষ নেতৃত্বকে দুর্বল করা।
গোলাম মাওলা রনি বলেন, “এক মির্জা আব্বাসকে হেয় করার মাধ্যমে পুরো বিএনপিকে আঘাত করা হচ্ছে। তার মাধ্যমে তারেক রহমান ও তার পরিবারকে টার্গেট করা হচ্ছে।”
তিনি আরও বলেন, মির্জা আব্বাস দীর্ঘদিন ধরে ঢাকার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং একাধিকবার মন্ত্রী, সংসদ সদস্য ও মেয়রের দায়িত্ব পালন করেছেন। জীবনের শেষ পর্যায়ে এসে তাকে যেভাবে অপমান করা হচ্ছে, তা নিয়ে বিএনপির ভেতরে গুরুত্বসহকারে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
রনির মতে, বিএনপি যদি এ বিষয়ে কার্যকর পদক্ষেপ না নেয়, তবে দলটি ক্ষমতায় টিকে থাকতে পারবে না এবং শীর্ষ নেতৃত্বকেও রক্ষা করা কঠিন হয়ে পড়বে।

