Saturday, October 31

বগুড়ায় ইসলামী ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান ৮০ নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন বলে দাবি করেছেন যোগদানকারীদের একজন হাফেজ গোলাম কিবরিয়া। তবে যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় ১০ জন।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠসংলগ্ন জেলা এনসিপির কার্যালয়ে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে তাঁদের যোগদানের আনুষ্ঠানিকতা হয়। নবাগতদের ফুল দিয়ে বরণ করেন জাতীয় ছাত্রশক্তির রাজশাহী বিভাগের সহসাংগঠনিক সম্পাদক এ এম জেড শাহরিয়ার জুহিন।

যোগদানকারীদের মধ্যে রয়েছেন হাফেজ গোলাম কিবরিয়া। তিনি বগুড়া শহর জোন ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং জামায়াতের যুব বিভাগের ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া মো. আহসান হাবিব, আসিফ মাহমুদ, মো. শাওন ও মিনহাজুল আবেদিনসহ আরও কয়েকজন রয়েছেন। তাঁদের কেউ ছাত্রশিবিরের সাবেক দায়িত্বশীল, আবার কেউ সদস্য ও বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

হাফেজ গোলাম কিবরিয়া বলেন, তাঁরা মোট ৮০ জন এনসিপিতে যোগ দিয়েছেন। তবে অনুষ্ঠানে জেলা কার্যালয়ে উপস্থিত ছিলেন প্রায় ১০ জন। বাকিরা উপস্থিত না থাকলেও তাঁরাও এনসিপিতে যোগ দিয়েছেন বলে দাবি করেন তিনি।

কিবরিয়া বলেন, ‘আমি ব্যক্তিগত ইচ্ছায় এনসিপিতে যোগ দিয়েছি। আমার মনে হয়েছে, এই দলের সঙ্গে যুক্ত হয়ে আরও ভালো কিছু করতে পারব। সামনে থেকে এনসিপিকে এগিয়ে নিতে কাজ করতে চাই। সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিতে চাই।’

জাতীয় ছাত্রশক্তির রাজশাহী বিভাগের সহসাংগঠনিক সম্পাদক এ এম জেড শাহরিয়ার জুহিন বলেন, ‘ছাত্র-জনতার আশা-আকাঙ্ক্ষার প্রতীক জাতীয় নাগরিক পার্টি। বগুড়ার বিভিন্ন শ্রেণি-পেশার অর্ধশতাধিক মানুষ দলটিতে যোগ দিয়েছেন। তাঁদের স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত।’

শাহরিয়ার জুহিন আরও বলেন, এনসিপি মনোনীত বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছেন। আগামী নভেম্বরের মধ্যে নবাগত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বগুড়া জেলার প্রতিটি ইউনিয়নে দলের কার্যক্রম পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে ওয়ার্ড পর্যায়েও সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করা হবে।

Leave A Reply


Math Captcha
6 + 4 =