ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকে গিয়ে তিনি ভূমিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল।
তিনি জানান, সাক্ষাৎকালে মির্জা আব্বাস ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি চিকিৎসকদের কাছ থেকে তার বর্তমান শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে বিস্তারিত জানতে চান। এ সময় তিনি ভূমিমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেন।
এর আগে, গত ২১ অক্টোবর হঠাৎ অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। পরে তার শারীরিক অবস্থার অবনতি ও রক্তস্বল্পতা দেখা দিলে তাকে কয়েক ব্যাগ রক্ত দেওয়া হয়। এরপর চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়।
বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তার চিকিৎসা চলছে।

