Saturday, April 18

পবিত্র রমজান মাস উপলক্ষে ট্রাকে করে পণ্য বিক্রি (ট্রাক সেল) শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। তবে সীমিত পণ্যের বিপরীতে অতিরিক্ত ভিড়ের কারণে ক্রেতাদের ভোগান্তি বাড়ছে। রাজধানীর উত্তরায় টিসিবির ট্রাক থেকে পণ্য নেওয়া নিয়ে হুড়োহুড়ির ঘটনায় দুই নারী সড়কে পড়ে আহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরের খালপাড় এলাকায় টিসিবির একটি ট্রাক এলে নারী-পুরুষের ব্যাপক ভিড় দেখা যায়। পণ্য সংগ্রহের জন্য লাইনে দাঁড়ানো নিয়ে দুই দফায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণে রাখতে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে কয়েকজন নারী-পুরুষ ট্রাকের পেছনে ঝুলে পড়েন। এতে নিয়ন্ত্রণ হারিয়ে দুই নারী সড়কে পড়ে যান।

টিসিবির পণ্য বিক্রয়কারী পরিবেশক রেজাউল করিম জানান, ট্রাকে যতজনের জন্য পণ্য আনা হয়, বাস্তবে তার চেয়ে অনেক বেশি মানুষ লাইনে দাঁড়ান। ফলে প্রতিদিনই এ ধরনের হুড়োহুড়ির ঘটনা ঘটছে।

টিসিবির ট্রাক থেকে একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি, এক কেজি ছোলা ও আধা কেজি খেজুর কিনতে পারেন। নির্ধারিত দামে এসব পণ্যের মোট মূল্য ৫৯০ টাকা। একই পরিমাণ পণ্য বাজার থেকে কিনতে প্রায় ৯৫০ টাকা ব্যয় হয়। অর্থাৎ একজন ক্রেতার প্রায় ৩৫০ টাকা সাশ্রয় হয়।

টিসিবি জানিয়েছে, সারা দেশে ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে নিম্নআয়ের মানুষের কাছে পণ্য বিক্রি করা হচ্ছে। ২০ দিনের এই কার্যক্রমে প্রায় ৩৫ লাখ ভোক্তার কাছে ২৩ হাজার টন পণ্য বিক্রির লক্ষ্য রয়েছে। প্রতিটি ট্রাকে ৪০০ জনের জন্য পণ্য বরাদ্দ থাকলেও বাস্তবে এর দেড় থেকে দুই গুণ মানুষ লাইনে দাঁড়ান।

খামারবাড়ি এলাকার টিসিবির ডিলার সাইফুল ইসলাম বলেন, “পণ্যের তুলনায় সব সময় ক্রেতার সংখ্যা বেশি থাকে। ফলে অনেকেই লাইনে দাঁড়িয়ে থেকেও পণ্য পান না।”

রমজান সামনে রেখে নিম্নআয়ের মানুষের জন্য টিসিবির এই উদ্যোগ স্বস্তি আনলেও সীমিত সরবরাহ ও অতিরিক্ত ভিড়ের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে, বিশেষ করে নারী ক্রেতাদের।

Leave A Reply


Math Captcha
74 − = 68