জরিপের উদ্ধৃতি দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, এবারের জাতীয় সংসদ নির্বাচনে অন্তত ৩০ শতাংশ ভোটার দলীয় মার্কা নয়, প্রার্থী দেখে ভোট দেবেন।
তিনি বলেন, “কেউ যদি মনে করে মার্কার ওপর চড়ে নির্বাচনের তরি পার হয়ে যাবে, সেটা হওয়ার কোনো সুযোগ নেই।”
বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের শাখাইতি গ্রামের পূর্বপাড়ায় অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
জনসভায় উপস্থিত ভোটারদের উদ্দেশে রুমিন ফারহানা বলেন, “যোগ্য অভিভাবক যদি এলাকার অভিভাবকত্ব না নেয়, তাহলে এলাকার উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয়।”
তিনি ভোটারদের আহ্বান জানিয়ে বলেন, যোগ্য, শিক্ষিত, সৎ ও অভিজ্ঞ প্রার্থীকে বিবেচনা করেই ভোট দেওয়া উচিত।
তিনি আরও বলেন, “এবারের জরিপ বলছে—১০০ জন ভোটারের মধ্যে ৩০ জন মার্কা দেখবে না। তারা দেখবে প্রার্থী কেমন। প্রার্থী যোগ্য কি না, শিক্ষিত কি না, সাহসী কি না, সৎ কি না, এলাকার উন্নয়ন করতে পারবে কি না এবং তার অভিজ্ঞতা আছে কি না—এসব বিষয় বিবেচনা করেই তারা ভোট দেবে।”
রুমিন ফারহানা বলেন, “এবারের নির্বাচন মার্কার নির্বাচন নয়, এটি যোগ্য প্রার্থী বাছাইয়ের নির্বাচন, সঠিক প্রার্থী বাছাইয়ের নির্বাচন।”
জনসভা মঞ্চে উঠেই তিনি নিজের প্রতীক হাঁস মার্কা নিয়ে স্লোগান ধরেন। এ সময় তিনি এলাকার বিভিন্ন দাবির প্রতি সমর্থন জানান এবং নির্বাচনে জয়ী হলে উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।
এছাড়া ভোটের স্বচ্ছতা নিশ্চিত করতে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র পাহারা দেওয়ারও দাবি জানান তিনি।

