ঢাকা-৮ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস এবং ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে সরাসরি বিতর্কে বসার আহ্বান জানিয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন,
‘শ্রদ্ধেয় মির্জা আব্বাস ও স্নেহের নাসীরুদ্দীনকে আহ্বান জানাচ্ছি—আসুন উন্নত বিশ্বের মতো জনগণের সামনে একসঙ্গে গঠনমূলক পাবলিক ডিবেট করি। মানুষকে তুলনা করার সুযোগ দিই—কাজে ও কথায় আসলে কে কতটা পারদর্শী।’

মেঘনা আলম মনে করেন, নির্বাচনী প্রচারণায় সমান সুযোগ না পেলেও সরাসরি বিতর্ক হলে ভোটাররা প্রার্থীদের যোগ্যতা, দৃষ্টিভঙ্গি ও দায়বদ্ধতা বিচার করার সুযোগ পাবেন।

এ বিষয়ে আরেকটি পোস্টে তিনি লেখেন,
‘আমার প্রচারণার সুযোগ সীমিত। কিন্তু মানুষ যদি আমাকে সত্যিকার অর্থে চিনত এবং যোগ্যতা ও দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করত, তাহলে আমি নিশ্চিত বিজয়ী হতাম।’

তিনি আরও বলেন, তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে সংসদ অধিবেশন মানুষের জন্য আগ্রহের জায়গা হয়ে উঠত।
‘আমি এমপি হলে মানুষ আগ্রহ নিয়ে সংসদ অধিবেশন দেখত, কারণ সেখানে থাকত বিষয়ভিত্তিক আলোচনা, যুক্তি ও দায়বদ্ধতা,’—পোস্টে উল্লেখ করেন তিনি।

ঢাকা-৮ আসনে এবার একাধিক প্রভাবশালী প্রার্থীর অংশগ্রহণে নির্বাচনি লড়াই বেশ আলোচনায় রয়েছে। মেঘনা আলমের এই প্রকাশ্য বিতর্কের আহ্বান রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে।

Leave A Reply


Math Captcha
+ 46 = 55