বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি গোষ্ঠী নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। এ বিষয়ে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।

গতকাল বিকেলে নোয়াখালীর হাতিয়ার দ্বীপ সরকারি কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, গত ১৫-১৬ বছর ধরে দেশের মানুষ ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত হয়েছে। ভোটাধিকার ও বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। যারা এই কাজগুলো করেছে তারা দেশ ছেড়ে চলে গেছে। এখন আবার অন্য একটি গোষ্ঠী নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

বিএনপি চেয়ারম্যান নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, শুধু ভোট দিলেই হবে না, ভোটকেন্দ্রে শেষ পর্যন্ত থাকতে হবে। নিজেদের ভোটের হিসাব কড়ায়গণ্ডায় বুঝে নিয়ে আসতে হবে। দেশের সংকট থেকে উত্তরণে ধানের শীষকে বিজয়ী করার বিকল্প নেই।

তিনি আরও বলেন, বাংলাদেশ সবার দেশ। সব ধর্মের মানুষকে একসঙ্গে নিয়েই দেশ গড়ে তুলতে হবে। এই দেশই আমাদের প্রথম ও শেষ ঠিকানা।

এর আগে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বালুর মাঠে আরেক নির্বাচনি জনসভায় তারেক রহমান বলেন, দীর্ঘদিন ধরে দেশে নির্বাচনের নামে প্রহসন হয়েছে—নিশিরাতের নির্বাচন হয়েছে, মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। এবার আবার নতুন করে ষড়যন্ত্র চলছে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন ভোর থেকে ফলাফল ঘোষণার আগ পর্যন্ত নেতা-কর্মীদের সক্রিয় থাকার আহ্বান জানান তিনি।

নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা প্রসঙ্গে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। এর মাধ্যমে প্রতি মাসে নগদ অর্থ বা প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া হবে। কৃষকদের জন্য চালু করা হবে ‘কৃষক কার্ড’, যার মাধ্যমে বীজ, সার ও কীটনাশক সরবরাহ করা হবে।

তিনি নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বলেন, গত দেড় দশকে সেখানে বহু বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান দখল করা হয়েছে।

এদিকে বিএনপি চেয়ারম্যানের নির্বাচনি সফরের অংশ হিসেবে আজ মঙ্গলবার ময়মনসিংহে একটি জনসভা অনুষ্ঠিত হবে। বিএনপি সূত্র জানায়, দীর্ঘ ২২ বছর পর তারেক রহমানের আগমন ঘিরে ময়মনসিংহসহ পুরো বিভাগে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

Leave A Reply


Math Captcha
5 + 3 =