ডেস্ক রিপোর্ট:
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সিদ্ধান্ত অমান্যের অভিযোগে চার নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২৬ জানুয়ারি) পৃথক তিনটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন— বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলু, টাঙ্গাইলের কালিহাতী উপজেলা বিএনপির উপদেষ্টা ইঞ্জি. আব্দুল হালিম, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য মজিবুর রহমান এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ফকির।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে আনোয়ার হোসেন বুলুকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

অন্য এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলা বিএনপির উপদেষ্টা ইঞ্জি. আব্দুল হালিমকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য মজিবুর রহমান এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ফকিরকেও বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিএনপি জানিয়েছে, দলের শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক স্বার্থে ভবিষ্যতেও এ ধরনের সিদ্ধান্ত অব্যাহত থাকবে।

Leave A Reply


Math Captcha
14 − = 11