জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সোমবার (২৯ ডিসেম্বর) এনসিপির একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।

এ উপলক্ষে সোমবার সন্ধ্যা ৬টায় রাজধানীর বাংলামোটরস্থ এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে দলটি। এনসিপির দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত এ তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম উপস্থিত থাকবেন। পাশাপাশি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও সেখানে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেবেন।

এর আগে রোববার (২৮ ডিসেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপি একত্রে অংশ নেবে।

তিনি স্পষ্ট করে বলেন, ‘জামায়াত ও সমমনা দলগুলোর সঙ্গে আমাদের কোনো আদর্শিক ঐক্য হয়নি। এটি একটি নির্বাচনী সমঝোতা মাত্র।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, ‘ন্যূনতম কিছু বিষয়ে আমাদের ঐকমত্য রয়েছে। সামগ্রিক বা আদর্শিক ঐক্য নয়। নির্বাচনী সময়টা একসঙ্গে পার করার জন্যই এই সমঝোতা। একই সঙ্গে সংস্কার, বিচার এবং আধিপত্যবাদ ও দুর্নীতিবিরোধী ন্যূনতম কর্মসূচি বাস্তবায়নে আমরা কাজ করব।’

তিনি আরও জানান, আসন্ন নির্বাচনে এনসিপি গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে কাজ করবে এবং জুলাই সনদের প্রতিশ্রুতি অনুযায়ী রাজনৈতিক কার্যক্রম অব্যাহত রাখবে।

Leave A Reply


Math Captcha
+ 28 = 37