Thursday, July 16

কুষ্টিয়া প্রতিনিধি | ৩১ অক্টোবর ২০২৫

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা নির্বাচনী সমাবেশ করেছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের মাজিলা বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

সমাবেশে মুফতি আমির হামজা বলেন, “এই ইউনিয়নে ১৪টি গ্রাম রয়েছে। আমরা হয়তো বাড়ি বাড়ি যেতে পারিনি, তবে গুরুত্বপূর্ণ সব জায়গায় গেছি। নারী-পুরুষ, এমনকি ছোট বাচ্চারাও রাস্তায় দাঁড়িয়ে আমাদের অভ্যর্থনা জানিয়েছে। অনেকে এসে বলেছেন, তারা দাঁড়িপাল্লায় ভোট দেবেন। জনগণের মধ্যে স্বতঃস্ফূর্ত সাড়া রয়েছে। বিরোধীরাও মাঠে আসুক— আমরা প্রতিদ্বন্দ্বিতা নয়, প্রতিযোগিতা চাই।”

তিনি আরও বলেন, “পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাব না— কেন্দ্র থেকে এমন নির্দেশনা এসেছে। গত ২৮ অক্টোবর ছিল লগি-বৈঠার কালো দিন, সেই দিনের সহিংসতা পুরো বিশ্ব দেখেছে। আমরা চাই, এমন দিন আর যেন ফিরে না আসে। একটি রায়ের মূল্য রাখতে হলে পিআর পদ্ধতি জরুরি। অনেকেই বিষয়টি ঠিকভাবে বোঝেন না, সামনে সবাইকে আরও বুঝিয়ে বলা হবে।”

পিআর পদ্ধতি নিয়ে সমালোচনাকারীদের উদ্দেশে আমির হামজা বলেন, “যারা বলে এটি মাথায় দেয় না খায়— তাদের উচিত পড়াশোনা করা। আমার ধারণা, এটি সামনে কার্যকর হবে। নভেম্বরে গণভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। আর গণভোট না হলে দেশের মানুষ নির্বাচনও মানবে না। পিআর ছাড়া নির্বাচন সম্ভব নয়— জনগণও তা মেনে নেবে না। আমরা আশা করছি, সরকারের শুভবুদ্ধির উদয় হবে।”

পাটিকাবাড়ী ইউনিয়ন জামায়াতের আমির ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ইসলামী বিশ্ববিদ্যালয় থানা জামায়াতের আমির রফিকুল ইসলামসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

Leave A Reply


Math Captcha
− 2 = 1