Friday, November 6

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দলটির আমির ডা. শফিকুর রহমান পদত্যাগে বাধ্য করলে ‘ছোট্ট মেয়ে মরিয়মের দুনিয়া ছাড়া লাগত না’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে রাশেদ খাঁন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সংরক্ষিত নারী এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করতে যাচ্ছেন। বিএনপি কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না এবং অপরাধ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে।’

জামায়াতের বহিষ্কৃত এমপি গাজী নজরুল ইসলাম প্রসঙ্গে তিনি লেখেন, ‘জামায়াতের এমপি গাজী নজরুল ইসলামকেও যদি জামায়াতের আমির ডা. শফিকুর রহমান পদত্যাগ করতে বাধ্য করতেন, তাহলে হয়তো ছোট্ট মেয়ে মরিয়মের দুনিয়া ছাড়া লাগত না।’

রাশেদ খাঁন আরও বলেন, প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে যারা অপচেষ্টা করবে এবং দলের নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থে অপকর্মে জড়াবে, তাদের বিষয়ে প্রধানমন্ত্রীর একটি সিদ্ধান্তই যথেষ্ট হবে।

তিনি বলেন, দেশ ও জনগণের কথা বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রীর নেওয়া পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করা উচিত। কোনো ব্যক্তির অপরাধের কারণে সরকারের উদ্যোগ ও কাজ ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম আলোচনায় আসে। ঘটনার পর তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং ও বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে। পরে বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন মিষ্টি।

তার পদত্যাগের পর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩, অর্থাৎ সংসদের ৩২৩ নম্বর আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।

Leave A Reply


Math Captcha
9 + 1 =