Friday, November 6

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার একসময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ‘সাথী’ ছিলেন। সংগঠনটির বিভিন্ন চিঠি ও শাখা নেতাদের বক্তব্য অনুযায়ী, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গসহ একাধিক অভিযোগের পর ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে তার ‘সাথী’ পদ বাতিল করা হয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিষয়টি প্রকাশ্যে আসার পর রাবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি হাফেজ মেহেদী হাসানও আম্মারের সাবেক সাংগঠনিক সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত করেন।

শাখা শিবিরের সভাপতি মুজাহিদ ফয়সালের সই করা একটি চিঠিতে বলা হয়েছে, আম্মারের বিরুদ্ধে নৈতিক পদস্খলন, মৌলিক ইবাদত পালনে উদাসীনতা, নারীদের সঙ্গে অবাধ বিচরণ, অবৈধ আর্থিক লেনদেন ও সম্পদ তছরুপ এবং সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে। তবে এসব অভিযোগের স্বতন্ত্র প্রমাণ প্রকাশ্যে পাওয়া যায়নি।

চিঠি অনুযায়ী, এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের শাখা শিবিরের সেক্রেটারিয়েট সভায় আম্মারের ‘সাথী’ পদ স্থগিত করা হয়। একই সঙ্গে অভিযোগগুলোর বিষয়ে তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়। পরে তার জবাব সন্তোষজনক না হওয়ায় ওই বছরের সেপ্টেম্বরের সেক্রেটারিয়েট সভায় ‘সাথী’ পদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

শিবিরের আরও একটি চিঠিতে আম্মারের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী মহানগর ও জেলা কমিটিতে অর্থের বিনিময়ে পদ দেওয়ার অভিযোগের কথাও উল্লেখ করা হয়েছিল। সংগঠনটির দাবি, এসব অভিযোগের বিষয়ে সাংগঠনিকভাবে তদন্ত ও ব্যাখ্যা নেওয়ার পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

এ ছাড়া সাম্প্রতিক এক চিঠিতে আম্মারের কর্মকাণ্ডের কারণে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতির আশঙ্কা প্রকাশ করে তার সঙ্গে সাংগঠনিক যোগাযোগ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সংগঠনের নেতাকর্মীদের তার অনলাইন বা অফলাইন কর্মকাণ্ডে ইতিবাচক কিংবা নেতিবাচক প্রতিক্রিয়া না দেখাতেও বলা হয়।

শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি হাফেজ মেহেদী হাসান বলেন, আম্মার তামিরুল মিল্লাত কামিল মাদরাসায় পড়ার সময় শিবিরের ‘সাথী’ পদে যুক্ত ছিলেন। পরে সাংগঠনিক ব্যবস্থার মাধ্যমে তাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সঙ্গে সম্পৃক্ত করা হয়। তার ভাষ্য অনুযায়ী, ২০২৫ সালে অর্থসংক্রান্ত অনিয়ম ও সংগঠনের নীতিবিরোধী কর্মকাণ্ডের অভিযোগের বিষয়ে সন্তোষজনক জবাব না পাওয়ায় সেপ্টেম্বরে তাকে বহিষ্কার করা হয়।

Leave A Reply


Math Captcha
86 − = 84