Friday, November 6

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের ফতুল্লায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা তাওহীদুল ইসলামের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে থানার ভেতরে দাঁড়িয়ে ‘থানার ইট খুলে নেওয়ার’ হুঁশিয়ারি দিয়েছেন দলটির জেলা কমিটির আহ্বায়ক যুবাইর সরদার।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষের সামনে তিনি এ বক্তব্য দেন। তাঁর বক্তব্যের ১৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে যুবাইর সরদারকে বলতে শোনা যায়, ‘যদি আমার কোনো একটা কর্মীর গায়ে হাত তোলা হয়, লাশের বদলে লাশ নিব। আমার একজন নেতাকর্মীর গায়ের রক্ত যদি পড়ে আরেকবার, থানার ইট পর্যন্ত খুলে নেব।’

এ সময় ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম তাঁর কক্ষের ভেতরে ছিলেন বলে জানা গেছে। বক্তব্যের বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, এ ধরনের বক্তব্য কেউ দিয়েছে কি না তিনি শুনেননি। তবে থানার ভেতরে দায়িত্বশীল পদে থাকা কারও এ ধরনের বক্তব্য দেওয়া ভালো চর্চা নয়। এমন বক্তব্যের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

পরে যুবাইর সরদার বলেন, তাওহীদুল ইসলামের ওপর হামলার পর এনসিপির নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পড়েছিলেন। তাদের শান্ত করার জন্য পুলিশের পক্ষ থেকে বলা হলে তিনি ওই বক্তব্য দেন বলে জানান। তাঁর দাবি, বক্তব্য দেওয়ার পর নেতাকর্মীরা শান্ত হন।

জানা গেছে, সোমবার রাত ৮টার দিকে ফতুল্লা থানার বক্তাবলী বাজার এলাকায় হামলার শিকার হন এনসিপির জেলা কমিটির সহসাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলাম। এনসিপি নেতাদের অভিযোগ, ধলেশ্বরী নদীর তীরে মাটি কাটাকে কেন্দ্র করে বক্তব্য দেওয়ায় বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের নির্দেশে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাঁর ওপর হামলা চালান। অভিযোগটির স্বাধীন সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

হামলার পর এনসিপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফতুল্লা মডেল থানায় অবস্থান নেন এবং থানার সামনে মিছিল করেন। পরে রাতে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনও থানায় যান।

এ ঘটনায় এনসিপির যুব উইং জাতীয় যুবশক্তির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. হাসান বাদী হয়ে হালিম আজাদসহ ১৬ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে ফতুল্লা মডেল থানায় মামলা করেন। তবে মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন ওসি মাহবুব আলম।

Leave A Reply


Math Captcha
67 − 64 =