Friday, November 6

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর, লুটপাট ও ভবন গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে গ্রে’প্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন তিনি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম বলেন, প্রায় ৫০ বছর ধরে প্রসূতি মা ও শিশুদের সেবা এবং টিকাদান কার্যক্রম পরিচালনা করে আসা প্রতিষ্ঠানটি মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়ার ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করেছে।

তিনি বলেন, রাতভর ভাঙচুর ও লুটপাট চললেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এভাবে একটি দেশ চলতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলামের দাবি, রাজধানীর বুকে একটি হাসপাতাল গুঁড়িয়ে দিয়ে দখল করে নেওয়ার ঘটনায় সরকারের ভূমিকা নিয়েও জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগের বরাতে তিনি দাবি করেন, ভাঙচুর ও দখলদারির পেছনে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি এবং মহানগর উত্তর বিএনপির এক প্রভাবশালী নেতার ইন্ধন রয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে দুই শতাধিক মুখোশধারী ব্যক্তি হামলা চালায় বলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের অভিযোগ। নিরাপত্তাকর্মীদের জিম্মি করে তারা চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, টিকা, নগদ অর্থসহ বিভিন্ন সামগ্রী লুট করে। পরে ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি আধা পাকা স্থাপনা ভেঙে ফেলা হয়।

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক নাসরিন আখতার জানিয়েছেন, হামলা ও লুটপাটে ক্ষয়ক্ষতির পরিমাণ দেড় কোটি টাকার বেশি হতে পারে। এ ঘটনায় শাহ আলী থানায় মা’মলা করা হয়েছে। মা’মলায় একজনের নাম উল্লেখ করে আরও ২০০ থেকে ২৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসা’মি করা হয়েছে।

ঘটনায় শাহ আলী থানা পুলিশ চারজনকে গ্রে’প্তার করেছে। তারা হলেন সোহেল, জুয়েল, জিহাদ হাসান ও রাব্বি। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং অর্থের বিনিময়ে হামলায় অংশ নেওয়ার তথ্য দিয়েছেন। পরে তাদের আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে হামলার সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল বলে শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন। কেন তখন হামলাকারীদের আটক বা ভাঙচুর বন্ধ করা যায়নি, সে বিষয়ে তিনি স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি। পুলিশের কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ১৯৭৪ সাল থেকে মিরপুর এলাকায় মাতৃ ও শিশুস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং টিকাদানসহ বিভিন্ন সেবা দিয়ে আসছে। হামলার পরও শনিবার ভাঙা স্থাপনার সামনেই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে চিকিৎসা ও টিকাদান কার্যক্রম চালানো হয়।

Leave A Reply


Math Captcha
+ 35 = 37