Friday, September 18

‘বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব’ বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তার এ বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে হট্টগোলের সৃষ্টি হয়।

বুধবার সংসদের তৃতীয় অধিবেশনে একটি বিলের ওপর বক্তব্য দেওয়ার সময় তিনি এসব মন্তব্য করেন।

রুমিন ফারহানা বলেন, ‘প্রতিটি সরকারের একটি চরিত্র থাকে। যেমন বিএনপি সরকার ক্ষমতায় আসবে আর গ্যাস, বিদ্যুৎ সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব।’

তিনি আরও বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসবে আবার সারের সংকট হবে না, এটা হতে পারে না। বিএনপি ক্ষমতায় আছে, সার কারখানা লুট করবে না, সেটাও হতে পারে না।’

ঋণখেলাপি প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসবে আর বাংলাদেশ প্রথমবারের মতো ঋণখেলাপিতে সর্বোচ্চ স্থান অর্জন করবে না, সেটাও হতে পারে না।’

তিনি আরও বলেন, ‘সুতরাং বিএনপি ক্ষমতায় আসা মানেই ঋণখেলাপিতে সর্বোচ্চ হওয়া, ৬ লাখ ৬ হাজার কোটি টাকার ওপরে ঋণখেলাপি হওয়া ইত্যাদি ইত্যাদি। এ সংসদে বেশিরভাগ সংসদ সদস্য ঋণখেলাপি হিসেবে পরিচিত।’

তার বক্তব্যের এ পর্যায়ে সংসদে হট্টগোল শুরু হয়। তবে হট্টগোলের মধ্যেও বক্তব্য চালিয়ে যান রুমিন ফারহানা।

এ সময় স্পিকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘এত অসহিষ্ণু সংসদ। মনে হয়, যেন একেবারে আওয়ামী লীগের আমলে ফিরে গেছি। আওয়ামী লীগকে যখন বলতাম, তখন তারাও হট্টগোল করত। এখন বিএনপি একই ধরনের আচরণ করছে, আরও খারাপ আচরণ।’

Leave A Reply


Math Captcha
9 + 1 =