Friday, November 6

লালমনিরহাট-২ আসনের বিএনপির সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল তার ছোট ভাই ও কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে কালীগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ দাবি জানান। তুষভান্ডার আরএমএমপি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এমপি বাবুল অভিযোগ করেন, তার ছোট ভাই জাহাঙ্গীর আলমের কর্মকাণ্ডে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

বাবুল বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। ব্যক্তিস্বার্থে কেউ এমন কোনো কর্মকাণ্ড করতে পারেন না, যাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হলে পরিচয় বা পারিবারিক সম্পর্ক বিবেচনা না করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত।

জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে গত ছয় মাস ধরে দলীয় কর্মসূচিতে অংশ না নেওয়ার অভিযোগ তুলে হঠাৎ প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নেওয়া নিয়েও প্রশ্ন তোলেন বাবুল।

তিনি বলেন, যার মধ্যে রাজনৈতিক শিষ্টাচার ও আদব-কায়দা নেই, তিনি কখনো প্রকৃত নেতা বা জনপ্রতিনিধি হতে পারেন না। দলবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টদের অনতিবিলম্বে বহিষ্কার করা প্রয়োজন। অন্যথায় সাধারণ নেতাকর্মীরা তাদের প্রতিহত করবে।

জাহাঙ্গীরের বিরুদ্ধে আরও অভিযোগ তুলে এমপি বাবুল বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের আমলে জাহাঙ্গীর আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর হয়ে ভোট করেছেন। জাতীয় পার্টির সাবেক এক এমপির কাছ থেকে গাড়ি উপহার নিয়েছেন। আবার কখনো জামায়াতের সঙ্গে জোটও করেছেন। আসলে তার উদ্দেশ্য কী, তা আগে স্পষ্ট করা উচিত।’

প্রতিষ্ঠাবার্ষিকীর এ অনুষ্ঠানে লালমনিরহাট জেলা ও কালীগঞ্জ উপজেলা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার সকালে কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলমও তার নেতাকর্মীদের নিয়ে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন।

Leave A Reply


Math Captcha
41 − = 34