Thursday, October 22

ভারতের তরুণদের আন্দোলনকে বাংলাদেশ ও নেপালে সরকার পরিবর্তনের আন্দোলনের সঙ্গে তুলনা করা যাবে না বলে মন্তব্য করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দিপকে। তিনি বলেছেন, কারাবন্দি দলীয় নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার শান্তিপূর্ণ প্রতিবাদ মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ আন্দোলনের আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

মঙ্গলবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

অভিজিৎ দিপকে বলেন, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা হাসিমুখে কারাগারে গেছেন। বেআইনিভাবে বন্দি করা হচ্ছে জানার পরও তাঁরা শান্তি ও সম্প্রীতির পথ বেছে নিয়েছেন। তাঁদের আচরণে রাগ বা ঘৃণার প্রকাশ নেই।

তিনি বলেন, ভারতের আন্দোলনকারীদের আচরণকে বিদেশের সহিংস বিক্ষোভের সঙ্গে মেলানো ঠিক নয়। তাঁর ভাষায়, কারাবন্দি নেতাদের প্রতিবাদ কোনো বিশৃঙ্খল অভ্যুত্থানের চেষ্টা নয়; বরং এটি একটি নৈতিক আন্দোলন।

দিপকে আরও বলেন, “সরাসরি কোনো তুলনা না টেনেই বলা যায়, মহাত্মা গান্ধী যা করেছিলেন, এটি তারই প্রতিফলন।” তাঁর দাবি, কারাগারে কষ্ট সহ্য করেও সৌরভ ও আশুতোষ দেশের বিবেক জাগিয়ে তোলার চেষ্টা করছেন।

ভারতে নির্বাচন কমিশনের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কার্যক্রমের বিরুদ্ধে সিজেপি ও বিরোধী দলগুলো আন্দোলন করছে। এই বিক্ষোভকে ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশের সহিংস নাগরিক অস্থিরতার সঙ্গে তুলনা করার বিরোধিতা করেছে কংগ্রেস। দলটির ভাষ্য, আন্দোলনটি শান্তিপূর্ণ ও সাংবিধানিক এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে পরিচালিত।

অন্যদিকে, বিজেপির অভিযোগ, একটি ‘ভারতবিরোধী চক্র’ বাংলাদেশ ও ফ্রান্সের সাম্প্রতিক অস্থিরতার মতো ভারতে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র করছে। এ অভিযোগের পর কংগ্রেস এর জবাব দেয়।

Leave A Reply


Math Captcha
2 + 3 =