Thursday, October 15

সম্প্রতি, ‘আওয়ামী লীগ নেতার ৭ বছরের শিশুসন্তানকে ধর্ষণ করে হত্যা করেছে বিএনপি’—এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনার নয়। এটি ভারতের বিহারে নয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনার দৃশ্য।

অনুসন্ধানে জানা যায়, গত ১ মার্চ ‘হাসান শাবাব’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির মিল রয়েছে। ওই পোস্টে ভিডিওটির স্থান হিসেবে ভারতের সন্দলপুর গ্রামের কথা উল্লেখ করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের ওয়েবসাইটে গত ২ মার্চ প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, ভারতের বিহার রাজ্যের কাটিহার জেলার কোলাসি থানার অন্তর্গত সন্দলপুর গ্রামে গত ২৮ ফেব্রুয়ারি নয় বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়। পরদিন একটি ভুট্টাক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

অন্যদিকে, ‘বিএনপি আওয়ামী লীগ নেতার সাত বছরের শিশুসন্তানকে ধর্ষণ করে হত্যা করেছে’—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই দাবির পক্ষে সাম্প্রতিক সময়ে কোনো নির্ভরযোগ্য গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, যাচাইয়ে দেখা গেছে, আওয়ামী লীগ নেতার শিশুসন্তানকে ধর্ষণ ও হত্যার দাবিতে প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয়; এটি ভারতের বিহারে এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনার ভিডিও।

Leave A Reply


Math Captcha
46 + = 54