Thursday, October 15

ভারতের দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগোর একটি উড়োজাহাজে যাত্রাপথে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার (১১ অক্টোবর) উড়োজাহাজটির ওপরের লাগেজ রাখার স্থানে ধোঁয়া ও আগুন দেখা দিলে নিরাপত্তার স্বার্থে সেটিকে হায়দরাবাদে সরিয়ে নেওয়া হয়। পরে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে উড়োজাহাজটি। এ ঘটনায় কোনো যাত্রী বা ক্রু সদস্য হতাহত হননি।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ইন্ডিগোর ফ্লাইট ৬ই৬১১৫ এয়ারবাস এ৩২১-২৫১এন মডেলের উড়োজাহাজটি দিল্লি থেকে চেন্নাই যাচ্ছিল। নির্ধারিত সময় দুপুর ১টা ১০ মিনিটে উড্ডয়নের কথা থাকলেও এটি ছাড়ে দুপুর ১টা ৩০ মিনিটে। বিকেল ৪টার দিকে চেন্নাই পৌঁছানোর কথা ছিল উড়োজাহাজটির।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এক যাত্রীর ত্রুটিপূর্ণ পাওয়ার ব্যাংক থেকে ধোঁয়া ও আগুনের সূত্রপাত হয়। যাত্রীদের ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে কয়েকজন যাত্রীকে ব্যাগ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করতে দেখা যায়।

ইন্ডিগোর বিবৃতিতে বলা হয়েছে, উড়োজাহাজের ভেতরে এক যাত্রীর ব্যক্তিগত ইলেকট্রনিক ডিভাইস থেকে ধোঁয়া শনাক্ত করেন কেবিন ক্রুরা। তাঁরা দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে নিরাপত্তা প্রটোকল অনুসরণ করে পাইলটরা উড়োজাহাজটি হায়দরাবাদে অবতরণ করান।

যাত্রীদের চেন্নাই যাত্রা অব্যাহত রাখতে বিকল্প উড়োজাহাজের ব্যবস্থা করেছে ইন্ডিগো। পাশাপাশি যাত্রীদের ভোগান্তি কমাতে খাবার ও পানীয় সরবরাহসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

ইন্ডিগো আরও জানিয়েছে, যাত্রী ও ক্রুদের নিরাপত্তা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

Leave A Reply


Math Captcha
+ 26 = 29