ইরানকে যুক্তরাষ্ট্রের সব দাবি মেনে নিতে হবে, অন্যথায় দেশটির অস্তিত্ব থাকবে না বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্ক অঙ্গরাজ্যের একটি সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। খবর সিবিএস নিউজের।
ট্রাম্প বলেন, “ইরানের ব্যাপারে খুব দ্রুতই একটা সিদ্ধান্ত হবে—একভাবে হোক বা অন্যভাবে। হয় তারা আমাদের সবকিছু দেবে, নয়তো তাদের আর কোনো অস্তিত্ব থাকবে না। তারা সেটা জানে।”
নোবেল শান্তি পুরস্কার নিয়ে ক্ষোভ
শান্তিতে নোবেল পুরস্কার না পাওয়ার প্রসঙ্গ তুলে নোবেল কমিটির সমালোচনা করার সময় ট্রাম্প ইরানকে নিয়ে এ হুমকি দেন। এর আগেও একাধিকবার পুরস্কারটি না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।
নোবেল কমিটিকে দুর্নীতিগ্রস্ত আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের সাবেক বিচারক নাভানেথেম পিল্লাইকে পুরস্কার দিয়ে কমিটি ভুল করেছে। পিল্লাইকে তিনি ‘রহস্যময় ব্যক্তি’ বলেও উল্লেখ করেন।
ট্রাম্প আরও বলেন, “এটি নরওয়ে এবং এমন লজ্জাজনক ও বিব্রতকর সিদ্ধান্ত নেওয়া ব্যক্তিদের জন্য এক অমোচনীয় কলঙ্ক।”
নোবেল শান্তি পুরস্কারের সমালোচনা করে তিনি আরও দাবি করেন, গণতন্ত্রবিরোধী ও সভ্যতার শত্রু হিসেবে বিবেচিত কিছু উগ্র মতাদর্শীর কারণে পুরস্কারটির মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।
সূত্র: সিবিএস নিউজ

