রাশিয়ার কৃষ্ণসাগর উপকূলে ড্রোন হামলায় ভারতীয় ২৩ নাবিকসহ একটি তেলবাহী জাহাজে আগুন লেগেছে। লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটিতে হামলার পর সব নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার পরিবহন মন্ত্রণালয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) স্থানীয় সময় মন্ত্রণালয়টি জানায়, রাশিয়ার জনপ্রিয় পর্যটন শহর সোচির কাছে জাহাজটিতে নৌ ড্রোন দিয়ে হামলা চালানো হয়। হামলার পর জাহাজে থাকা অপরিশোধিত তেলে আগুন ধরে যায়। আগুনের তীব্রতার কারণে উদ্ধারকারী দল এখনো তা নিয়ন্ত্রণে আনতে পারেনি।
রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের তীব্রতা কিছুটা কমলে আবারও তা নেভানোর চেষ্টা করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সমুদ্রের মধ্যে জ্বলন্ত জাহাজ থেকে আগুনের শিখা ও কালো ধোঁয়া উঠতে দেখা গেছে।
সোচির মেয়র জানিয়েছেন, নিরাপত্তার কারণে শহরের উপকূল ও সৈকত এলাকায় মানুষের প্রবেশ সীমিত করা হয়েছে।
এর একদিন আগে রোমানিয়ার উপকূলের কাছে আরেকটি জাহাজে আগুন ধরে সেটি ডুবে যায়। ওই ঘটনায় একজন নি’হত এবং একজন নিখোঁজ রয়েছেন। ইউক্রেনের দাবি, রাশিয়ার ড্রোন হামলায় জাহাজটিতে আগুন লাগে। এতে একজন ভারতীয় নাবিকও আ’হত হন।
২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজগুলোও হামলার ঝুঁকিতে রয়েছে। সাম্প্রতিক সময়ে রাশিয়ার তেল অবকাঠামোতে ইউক্রেনের হামলার পাশাপাশি ইউক্রেনীয় পণ্যবাহী জাহাজে রুশ হামলার অভিযোগও উঠেছে।
কিয়েভ রাশিয়ার তেল অবকাঠামোয় হামলাকে রুশ হামলার পাল্টা জবাব হিসেবে দেখছে। অন্যদিকে দুই দেশই সাম্প্রতিক সময়ে হামলা আরও বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছে।
এর আগে দক্ষিণ রাশিয়ার বিভিন্ন তেল স্থাপনায় হামলার পর সমুদ্রে তেল ছড়িয়ে পড়া, সৈকত বন্ধ করে দেওয়া এবং পরিবেশ দূষণের ঘটনাও ঘটেছে।
সূত্র: এনডিটিভি

