Thursday, October 8

২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিশ্বে রপ্তানি হওয়া সামরিক ড্রোনের ৮৬ শতাংশই সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। এ সময়ে বিশ্বজুড়ে মোট ১৬ হাজার ৮২২টি সামরিক ড্রোন রপ্তানি হয়েছে।

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (সিপ্রি) তথ্য বিশ্লেষণ করে এ হিসাব প্রকাশ করেছে ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট। তাদের হিসাবে, যুক্তরাষ্ট্র ৭ হাজার ৫৯৩টি এবং ইরান ৬ হাজার ৮০০টি সামরিক ড্রোন রপ্তানি করেছে। বিশ্বে মোট রপ্তানির মধ্যে যুক্তরাষ্ট্রের অংশ ৪৫ দশমিক ১ শতাংশ এবং ইরানের ৪০ দশমিক ৪ শতাংশ।

যুক্তরাষ্ট্রের রপ্তানি করা ড্রোনের ৯৫ শতাংশই গেছে ইউক্রেনে। অন্যদিকে ইরানের রপ্তানি করা ড্রোনের ৯৯ শতাংশ গেছে রাশিয়ায়।

সিপ্রির হিসাবে, ১৫০ কেজি বা তার বেশি ওজনের ড্রোনকে সামরিক ড্রোনের আওতায় ধরা হয়েছে। একবার ব্যবহারের পর ধ্বংস হয়ে যায় এমন হামলাকারী ড্রোন ও লইটারিং মিউনিশনও এই হিসাবের অন্তর্ভুক্ত। তবে ছোট এফপিভি ও বাণিজ্যিক ড্রোন এতে ধরা হয়নি।

রপ্তানিতে এগিয়ে যুক্তরাষ্ট্র-ইরান

বিশ্বে রপ্তানি হওয়া সামরিক ড্রোনের ৯৭ শতাংশই একবার ব্যবহারযোগ্য। ফলে যুদ্ধের সময় অল্প কয়েকটি দেশ থেকে বিপুলসংখ্যক ড্রোন সরবরাহ হওয়ায় মোট রপ্তানির সংখ্যা দ্রুত বেড়েছে।

ইরানের রপ্তানি করা প্রায় সব ড্রোনই শাহেদ-১৩৬ মডেলের। রাশিয়ায় ইরানের লাইসেন্সে তৈরি হওয়া এসব ড্রোনকেও ইরানের রপ্তানি হিসেবে হিসাব করেছে সিপ্রি।

রপ্তানির তালিকায় যুক্তরাষ্ট্র ও ইরানের পর তৃতীয় অবস্থানে রয়েছে জার্মানি। দেশটি ১ হাজার ড্রোন রপ্তানি করেছে। এরপর রয়েছে পোল্যান্ড ৬৯০টি এবং তুরস্ক ৩৮১টি ড্রোন নিয়ে।

২০২৫ সালে ড্রোন রপ্তানিতে ইরান যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যায়। ওই বছর ইরান ২ হাজার ২টি ড্রোন সরবরাহ করে। একই সময়ে যুক্তরাষ্ট্র রপ্তানি করে ৪০২টি।

সবচেয়ে বেশি দেশে ড্রোন সরবরাহ তুরস্কের

পরিমাণের দিক থেকে তুরস্ক পঞ্চম হলেও সবচেয়ে বেশি দেশে সামরিক ড্রোন সরবরাহ করেছে। ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে দেশটি ২৮টি দেশে ড্রোন রপ্তানি করেছে। সামরিক ড্রোন আমদানিকারক ৫৪টি দেশের অর্ধেকেরও বেশি দেশে তুরস্কের ড্রোন পৌঁছেছে।

তুরস্কের ক্রেতাদের মধ্যে আফ্রিকার ১২টি দেশ ছাড়াও ন্যাটোর সদস্য পোল্যান্ড ও রোমানিয়া, পাকিস্তান, কুয়েত এবং ইউক্রেন রয়েছে।

তুরস্কের রপ্তানি করা ড্রোনের প্রায় ৭৫ শতাংশই বড় ও পুনর্ব্যবহারযোগ্য ড্রোন। এর মধ্যে বায়রাকতার টিবি-২ অন্যতম। বিশ্বে রপ্তানি হওয়া ৪৮৬টি এ ধরনের ড্রোনের মধ্যে ২৮১টিই সরবরাহ করেছে তুরস্ক।

সিপ্রির হিসাব অনুযায়ী, সামরিক সক্ষমতার ভিত্তিতে অস্ত্রের মূল্যায়ন করা হলে ২০২২ থেকে ২০২৫ সময়ে তুরস্কই ছিল বিশ্বের সবচেয়ে বড় সামরিক ড্রোন রপ্তানিকারক।

Leave A Reply


Math Captcha
94 − = 87