Sunday, September 27

ফিলিস্তিন সংকটকে দ্রুত দ্বিরাষ্ট্রীয় সমাধানের পথে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে চীন। একই সঙ্গে ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকা উচিত বলে মন্তব্য করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট হান ঝেং।

শনিবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

হান ঝেং বলেন, জাতিসংঘ সনদ ও নিরাপত্তা পরিষদের কর্তৃত্ব লঙ্ঘন করে একতরফা সামরিক পদক্ষেপের বিরোধিতা করে চীন। আন্তর্জাতিক বিরোধ সামরিক পদক্ষেপের পরিবর্তে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সমাধানের ওপরও গুরুত্ব দেন তিনি।

ফিলিস্তিন সংকট প্রসঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্ট বলেন, সংকটটিকে যত দ্রুত সম্ভব দ্বিরাষ্ট্রীয় সমাধানের সঠিক পথে ফিরিয়ে নিতে হবে। একই সঙ্গে পশ্চিম তীরে শাসনব্যবস্থা আরও কার্যকর করা এবং গাজায় যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনে দ্রুত অগ্রগতির আহ্বান জানান তিনি।

তিনি বলেন, পশ্চিম তীর ও গাজায় শাসন ও পুনর্গঠনের ক্ষেত্রে ‘ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতে’—এই নীতি অনুসরণ করা উচিত।

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে বড় শক্তিগুলোর ‘বিশেষ দায়িত্ব’ রয়েছে বলেও মন্তব্য করেন হান ঝেং। তার ভাষায়, বড় দেশগুলোর আন্তর্জাতিক নিয়ম মেনে চলা, আইনের শাসন সমুন্নত রাখা এবং সঠিক কাজের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়া উচিত।

মধ্যপ্রাচ্য, বিশেষ করে উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি সম্মান দেখানোর আহ্বানও জানান তিনি।

চীনের ভাইস প্রেসিডেন্টের বক্তব্যে জাতিসংঘের কাঠামো ও নিরাপত্তা পরিষদের কর্তৃত্বের প্রতি সম্মান জানানোর ওপরও জোর দেওয়া হয়। জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক ২২ থেকে ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে।

Leave A Reply


Math Captcha
42 + = 49