Friday, September 18

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরের ইব্রাহিমি মসজিদ মুসলিমদের নামাজ আদায়ের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত মসজিদটিতে মুসলিমদের প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

ইহুদি ধর্মীয় উৎসব উপলক্ষে নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে মসজিদটি বন্ধ করা হয়েছে বলে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

তবে এ সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ধর্ম মন্ত্রণালয়। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, মসজিদটির বিরুদ্ধে কথিত ‘পদ্ধতিগত লঙ্ঘন’ বন্ধে আন্তর্জাতিক ও মানবাধিকার সংস্থাগুলোর জরুরি হস্তক্ষেপ চেয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। একই সঙ্গে মুসলিমদের মসজিদে প্রবেশাধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

ইব্রাহিমি মসজিদের পরিচালক মোতাসেম আবু স্নেইনেহ অভিযোগ করেন, মসজিদ বন্ধের এ সিদ্ধান্ত চলমান উত্তেজনা এবং মসজিদের অবশিষ্ট অংশের নিয়ন্ত্রণ নেওয়ার প্রচেষ্টার অংশ। তাঁর দাবি, মসজিদের সব কক্ষ ও প্রাঙ্গণই ইসলামী স্থাপনা ও পবিত্র স্থান।

তিনি আরও বলেন, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক সনদে স্বীকৃত ধর্মীয় স্বাধীনতার অধিকারের ওপর আঘাত।

মসজিদ বন্ধের পাশাপাশি এর আশপাশে ইসরায়েলি বাহিনীর নিরাপত্তা ও সামরিক তৎপরতাও বাড়ানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মসজিদে যাওয়ার পথে কয়েকটি চেকপয়েন্ট ও ইলেকট্রনিক গেট বন্ধ করে দেওয়া হয়েছে। এতে ইব্রাহিমি বালক প্রাথমিক বিদ্যালয় ও আল-ফাইহা বালিকা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক-কর্মীদের চলাচলও বাধাগ্রস্ত হয়েছে। ফলে প্রতিষ্ঠান দুটির পাঠদান বন্ধ রয়েছে বলে জানানো হয়েছে।

হেবরনের পুরোনো শহরে অবস্থিত ইব্রাহিমি মসজিদটি দীর্ঘদিন ধরে ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন এলাকায় রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৪০০ ইসরায়েলি বসতি স্থাপনকারী সেখানে বসবাস করেন এবং তাদের নিরাপত্তায় প্রায় ১ হাজার ৫০০ ইসরায়েলি সেনা মোতায়েন রয়েছে।

১৯৯৪ সালে এক ইসরায়েলি বসতি স্থাপনকারীর গুলিতে ২৯ ফিলিস্তিনি মুসল্লি নিহত হওয়ার পর মসজিদটি ভাগ করে দেওয়া হয়। এরপর এর ৬৩ শতাংশ ইহুদি উপাসকদের এবং ৩৭ শতাংশ মুসলিমদের ব্যবহারের জন্য নির্ধারণ করা হয়।

Leave A Reply


Math Captcha
78 + = 87