তারকাদের ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। বিশেষ করে প্রিয় অভিনয়শিল্পীদের বিয়ে ও সম্পর্ক নিয়ে তাদের কৌতূহল থাকে বেশি। এবার নিজের বিয়ের ভাবনা নিয়ে কথা বলেছেন জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল।
গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হ্যাপিলি ম্যারিড’ লিখে পোস্ট দিয়েছিলেন চিত্রনায়ক আরিফিন শুভ ও কেয়া পায়েল। সেই পোস্ট দেখে অনেকেই ধারণা করেছিলেন, গোপনে হয়তো বিয়ে করেছেন এই দুই তারকা। পরে অবশ্য জানা যায়, এটি তাদের ব্যক্তিগত জীবনের কোনো ঘোষণা নয়; বরং পর্দায় আসতে যাওয়া নতুন কাজের ইঙ্গিত ছিল।
গত ৫ অক্টোবর রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরের সিভিক অডিটোরিয়ামে ‘হ্যাপিলি ম্যারিড’ ওয়েব ফিল্মের প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের বিয়ে নিয়ে ভাবনার কথা জানান কেয়া পায়েল।
অভিনেত্রী বলেন, একটি সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্বাস ও পারস্পরিক সম্মান। তিনি ‘জেলা’ দেখে নয়, মানুষ দেখে বিয়ে করতে চান। বিয়ে নিয়ে খুব বেশি পরিকল্পনা না থাকলেও এমন একজন মানুষ চান, যার সঙ্গে সারাজীবন একসঙ্গে থাকা যাবে।
ওটিটিতে আসছে ‘হ্যাপিলি ম্যারিড’
ছবিয়াল সহ-প্রযোজিত ও চরকি প্রযোজিত ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের অধীনে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’। জাহিদ প্রীতম পরিচালিত চরকি অরিজিনাল এই সিনেমাটি ৭ অক্টোবর রাত ১২টায়, অর্থাৎ ৮ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।
মুক্তির তারিখ ঘোষণার পর থেকেই সিনেমাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। এতে আরিফিন শুভ ও কেয়া পায়েলের পাশাপাশি অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, দীপা খন্দকার, তুষার খান, আরেফিন জিলানী, ক্রিস্টিয়ানো তন্ময়, উম্মে জামিলাতুন নাঈমা, পারভেজ সুমন, টুইংক ক্যারলসহ আরও অনেকে।

