Thursday, October 8

পশ্চিমবঙ্গের নতুন ওয়েব সিরিজে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। ‘চালচিত্র: দ্য একচালা মার্ডার্স’ নামের সিরিজটিতে রহস্যময় একটি চরিত্রে দেখা যাবে তাকে।

সিরিজটির পরিচালক প্রতিম ডি গুপ্ত সামাজিক যোগাযোগমাধ্যমে চঞ্চল চৌধুরীর চরিত্রের প্রথম ঝলক প্রকাশ করেছেন। প্রকাশিত স্থিরচিত্রে চঞ্চলকে কারও দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা গেছে। তার মুখে রয়েছে আঘাতের চিহ্ন।

‘চালচিত্র: দ্য একচালা মার্ডার্স’ তৈরি হচ্ছে ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘চালচিত্র: দ্য ফ্রেম ফাটালি’ সিনেমার প্রিক্যুয়েল হিসেবে। ওই সিনেমায় অভিনয় করেছিলেন বাংলাদেশের অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।

নতুন সিরিজেও আগের গল্পের গুরুত্বপূর্ণ চরিত্রগুলো থাকছে। কনিষ্ক চ্যাটার্জি চরিত্রে ফিরছেন টোটা রায়চৌধুরী এবং নাসির রহমান চরিত্রে থাকছেন অনির্বাণ চক্রবর্তী।

সম্প্রতি হইচইয়ের সিজন ১০-এর আয়োজন থেকে সিরিজটির মুক্তির সময় জানানো হয়েছে। আগামী ডিসেম্বরেই ‘চালচিত্র: দ্য একচালা মার্ডার্স’ দর্শকদের সামনে আসবে।

‘চালচিত্র’ জগতে ফিরছেন প্রতিম

সিরিজটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালক প্রতিম ডি গুপ্ত লিখেছেন, ১৪ বছর পর তিনি এমন একটি জগতে ফিরছেন, যেটি এর আগে নিজেই তৈরি করেছিলেন। তার কাছে ‘চালচিত্র: দ্য একচালা মার্ডার্স’ অনেকটা ঘরে ফেরার মতো।

পরিচালকের ভাষ্য, এটি ‘চালচিত্র: দ্য ফ্রেম ফাটালি’র পূর্বকাহিনি। আগের কাজটি দর্শকের কাছ থেকে ভালোবাসা পাওয়ার পর এবার সেই গল্পের শিকড়ের দিকে ফিরে যাওয়া হচ্ছে।

কনিষ্ক ও নাসিরের চরিত্রে আবার কাজ করা এবং পুরো গল্পের সূত্রপাতের সময়টিকে পর্দায় তুলে ধরার অভিজ্ঞতাকে বিশেষ বলে উল্লেখ করেছেন প্রতিম ডি গুপ্ত। ডিসেম্বরের মুক্তিকে সামনে রেখে দর্শকদের কাছ থেকে আগের মতোই ভালোবাসা পাওয়ার প্রত্যাশা জানিয়েছেন তিনি।

Leave A Reply


Math Captcha
51 − 48 =