মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকা ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি এখন সুস্থ হয়ে ওঠার পথে। চিকিৎসা শেষে দেশে ফিরে আবারও ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন তিনি।
চলতি বছরের ফেব্রুয়ারিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিয়া বৃষ্টি। পরীক্ষা-নিরীক্ষার পর তার মস্তিষ্কে টিউমার শনাক্ত হয়। ওই মাসেই অস্ত্রোপচার করে টিউমারটি অপসারণ করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ৯ মার্চ ভারতের চেন্নাইয়ে যান তিনি। সেখানে আরও একটি অস্ত্রোপচার করা হয়। চিকিৎসা শেষে এপ্রিলের প্রথম সপ্তাহে দেশে ফেরেন অভিনেত্রী।
দেশে ফেরার পর থেকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত চিকিৎসা ও বিশ্রামে রয়েছেন তিনি। গত শনিবার বিকেলে ফেসবুক লাইভে এসে নিজের শারীরিক অবস্থার কথা জানান তানিয়া। তিনি বলেন, আগের তুলনায় এখন অনেকটাই ভালো আছেন, তবে চিকিৎসা প্রক্রিয়া এখনো চলছে।
লাইভে এক দর্শকের প্রশ্নের জবাবে তানিয়া জানান, বর্তমানে তার কেমোথেরাপি চলছে। ছয় মাসের চিকিৎসা চক্রের মধ্যে ইতোমধ্যে তিন মাস শেষ হয়েছে এবং চতুর্থ মাস চলছে। আরও দুই মাস কেমোথেরাপি নেওয়ার পর কিছু শারীরিক পরীক্ষা করানোর কথা রয়েছে।
দীর্ঘদিন শুটিং থেকে দূরে থাকার পর আবার কাজে ফেরার আগ্রহের কথাও জানিয়েছেন এই অভিনেত্রী। চলতি মাস থেকেই শুটিংয়ে ফেরার ইচ্ছা রয়েছে তার। এ নিয়ে কথাবার্তাও চলছে। শুটিং শুরু হলে বিষয়টি সবাইকে জানিয়ে দেবেন বলে জানান তিনি।
তানিয়া বলেন, অসুস্থতার কারণে প্রায় নয় মাস ক্যামেরার সামনে দাঁড়াতে পারেননি। তবে বর্তমানে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আবার কাজ শুরু করার পরিকল্পনা করছেন তিনি।
ভক্ত ও শুভানুধ্যায়ীদের ভালোবাসা ও সমর্থনের কথাও স্মরণ করেন তানিয়া। অসুস্থতার কঠিন সময়ে যারা তার জন্য দোয়া করেছেন, খোঁজ নিয়েছেন এবং অভিনয়ে ফেরার অপেক্ষায় ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
এদিকে তানিয়ার অভিনয়ে ফেরার অপেক্ষায় রয়েছেন তার নতুন কাজের দর্শক ও নির্মাতারাও। তার হাতে রয়েছে রায়হান খান পরিচালিত সিনেমা ‘ট্রাইব্যুনাল’। এতে তার সঙ্গে অভিনয় করছেন তারিক আনাম খান, সাবেরী আলম, মৌসুমী হামিদ, সায়রা আক্তার জাহান, আদর আজাদ, শাহেদ আলী, মিলন ভট্টাচার্য, অশোক ব্যাপারী, রাকিব হোসেন ইভন ও উপমা।

