অভিনয়ের পাশাপাশি আন্তর্জাতিক উন্নয়ন খাতে দীর্ঘদিন কাজ করা রাফিয়াত রশিদ মিথিলা যুক্তরাষ্ট্রে নতুন পেশাগত অধ্যায় শুরু করেছেন। দেশটির কলম্বিয়া ইউনিভার্সিটিতে গবেষণা এবং সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে (CUNY) শিক্ষকতা শুরু করেছেন তিনি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে নতুন দায়িত্বের কথা জানান মিথিলা।
পোস্টে তিনি জানান, ব্র্যাকের সঙ্গে দুই দশকের বেশি সময়ের পেশাগত সম্পর্কের পর নতুন কর্মজীবনে প্রবেশ করেছেন। এর মধ্যে প্রায় ১৫ বছর তিনি ব্র্যাক ইন্টারন্যাশনালের হয়ে আন্তর্জাতিক উন্নয়ন খাতে কাজ করেছেন।
নতুন দায়িত্বের অংশ হিসেবে কলম্বিয়া ইউনিভার্সিটির ‘আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ’-এ অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে যোগ দিয়েছেন মিথিলা।
সেখানে তিনি নিউইয়র্কের ‘আর্লি চাইল্ডহুড অ্যান্ড ফ্যামিলি হাব’ প্রকল্পের নকশা ও মূল্যায়নে নেতৃত্ব দেবেন। প্রকল্পটির কাজের মধ্যে রয়েছে প্রারম্ভিক শৈশব বিকাশ, পারিবারিক সম্পৃক্ততা এবং কমিউনিটি স্বাস্থ্য।
জন্ম থেকে পাঁচ বছর বয়সী শিশুদের পরিবারকে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও সহায়ক পরিবেশের সঙ্গে যুক্ত করার পাশাপাশি স্থানীয় মানুষের প্রয়োজনের সঙ্গে গবেষণার লক্ষ্য সমন্বয় করার কাজ করবে প্রকল্পটি। এ ক্ষেত্রে আন্তর্জাতিক উন্নয়ন খাতে নিজের দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগানোর আশা প্রকাশ করেছেন মিথিলা।
গবেষণার পাশাপাশি CUNY-তেও শিক্ষকতা শুরু করেছেন তিনি। সেখানে অ্যাডজাংক্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ‘ননপ্রফিট ম্যানেজমেন্ট’ বিষয়ে পড়াচ্ছেন। বাস্তব জগতের ননপ্রফিট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়াই এ কোর্সের অন্যতম উদ্দেশ্য বলে জানিয়েছেন তিনি।
নতুন পেশাগত যাত্রার শুরুতে ব্র্যাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মিথিলা বলেন, তার পেশাগত জীবনের এই পথচলার জন্য তিনি ব্র্যাকের কাছে ‘মনেপ্রাণে কৃতজ্ঞ’।
কলম্বিয়া ইউনিভার্সিটির গবেষণা অবকাঠামো ও গবেষকদের সঙ্গে কাজের সুযোগ তার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। নতুন এই যাত্রার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মিথিলা।
এদিকে মিথিলা ও কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির দাম্পত্য সম্পর্ক নিয়েও সাম্প্রতিক সময়ে আলোচনা হয়েছে। ২০১৯ সালের ৬ ডিসেম্বর তারা বিয়ে করেন। পরবর্তী সময়ে দুজনের দূরত্ব ও আলাদা থাকার বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে।
সম্প্রতি কলকাতার একটি টক শোতে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে সৃজিত জানান, বর্তমানে তার জীবনে কোনো স্থায়ী বা কমিটেড সম্পর্ক নেই। তবে ওই বক্তব্যে তিনি মিথিলার নাম সরাসরি উল্লেখ করেননি। এরপর দুজনের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

