ব্রেন টিউমার ও দীর্ঘ চিকিৎসা শেষে অভিনয়ে ফিরেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অসুস্থতার কারণে টানা ৯ মাস শুটিংয়ের বাইরে ছিলেন তিনি। সম্প্রতি ইকসান রনির পরিচালনায় ‘অংশীদার’ নাটকের শুটিংয়ে অংশ নেওয়ার মধ্য দিয়ে আবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন এই অভিনেত্রী। নাটকটির শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে।
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ইকসান রনি। সংলাপ লিখেছেন ফারুক আহমেদ রানা ও নন্দী জুয়েল। সমাজে নারীর ন্যায্য অধিকার, আত্মমর্যাদা এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের গল্প তুলে ধরা হয়েছে এতে। বিশেষ করে বাবার মৃত্যুর পর পৈতৃক সম্পত্তিতে মেয়েদের অধিকার আদায়ের সংগ্রাম নাটকটির মূল উপজীব্য।
তানিয়া বৃষ্টির সঙ্গে নাটকটিতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ডলি জহুর, নন্দী জুয়েল, আর সি অরণ্য, আশরাফুল আশীষ ও পংকজ মজুমদার।
টিউমার ধরা পড়ার পর দুই দফা অস্ত্রোপচার
চলতি বছরের ফেব্রুয়ারিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিয়া বৃষ্টি। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। প্রথমে ঢাকায় অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে যেতে হয়। সেখানে তাঁর আরও একটি অস্ত্রোপচার হয়।
দীর্ঘ চিকিৎসার পাশাপাশি কঠোর বিশ্রাম ও কেমোথেরাপির মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে। গত ৩ অক্টোবর নিজের ফেসবুক লাইভে এসে শারীরিক অবস্থার উন্নতির কথা জানান অভিনেত্রী।
নির্মাতা সূত্রে জানা গেছে, খুব শিগগিরই কেএসআই এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেল ও একটি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচার করা হবে।

