জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ। সড়ক দুর্ঘটনা কমানো, নিরাপদ যাতায়াত নিশ্চিত করা ও জনসচেতনতা বাড়াতে দেশজুড়ে দিবসটি পালিত হচ্ছে। নিরাপদ সড়ক আন্দোলনের প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বর্তমানে আগের চেয়ে অনেকটাই সুস্থ রয়েছেন।
ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে গত বছরের এপ্রিল থেকে লন্ডনে চিকিৎসাধীন ছিলেন ইলিয়াস কাঞ্চন। ওই বছরের আগস্টে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। ঝুঁকির কারণে টিউমারের পুরো অংশ অপসারণ করা সম্ভব না হলেও বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। এখন কেমোথেরাপির প্রয়োজন হচ্ছে না; বাসায় থেকেই মুখে খাওয়ার ওষুধের মাধ্যমে চিকিৎসা চলছে।
নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির মহাসচিব লিটন এরশাদ জানান, চিকিৎসকদের মতে, ইলিয়াস কাঞ্চন এখন অনেকটাই ঝুঁকিমুক্ত। তার চলাফেরা ও চিন্তাভাবনাও স্বাভাবিক হয়েছে। নিয়মিত কথা বলার পাশাপাশি নিরাপদ সড়ক নিয়ে নিজের পরিকল্পনার কথাও জানাচ্ছেন তিনি। দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে ফিরে আসবেন বলে আশা করছেন তার সহকর্মীরা।
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে ইলিয়াস কাঞ্চন চিকিৎসার কারণে লন্ডনে থাকলেও নিরাপদ সড়ক আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার কথা জানান। অসুস্থতার সময়ে যারা খোঁজ নিয়েছেন ও সুস্থতার জন্য দোয়া করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
ইলিয়াস কাঞ্চন জানান, ১৯৯৩ সালে সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চনকে হারানোর পর নিরাপদ সড়কের প্রয়োজনীয়তা উপলব্ধি করে তিনি ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলন শুরু করেন। ১৯৯৪ সাল থেকে ২২ অক্টোবর নিরাপদ সড়ক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। নিসচার দীর্ঘদিনের আন্দোলন ও দাবির পরিপ্রেক্ষিতে ২০১৭ সালে সরকার দিনটিকে জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষণা করে।
দিবসটি উপলক্ষে সড়ক দুর্ঘটনাকে নিয়তি হিসেবে মেনে না নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। নিরাপদ সড়ক গড়ে তুলতে ঝুঁকি চিহ্নিত করা, আইন প্রয়োগ নিশ্চিত করা এবং নিরাপদ অবকাঠামো নির্মাণের পাশাপাশি সরকার, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি, চালক, যাত্রী, পথচারী ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব দেন ইলিয়াস কাঞ্চন।

