Friday, October 23

সৌদি আরবে মসজিদে চুম্বনের ঘটনায় দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকরের খবরকে ভয়াবহ বলে মন্তব্য করেছেন টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তিনি বলেছেন, ভালোবাসার চেয়ে বড় কোনো ধর্ম নেই। ধর্মের নামে মানুষের স্বাধীনতা ও বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়া অত্যন্ত লজ্জাজনক।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে সৌদি আরবে প্রবাসী নজরুল ও সুইটির মৃত্যুদণ্ডের প্রসঙ্গ তুলে নিজের ক্ষোভ প্রকাশ করেন শ্রীলেখা। ভালোবাসার জন্য কেন দুজন মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হলো, সেই প্রশ্নও তোলেন তিনি।

অভিনেত্রী বলেন, ইসলাম, হিন্দুধর্ম কিংবা খ্রিস্টধর্ম—যে ধর্মের নামেই মৌলবাদ ও ধর্মীয় উন্মাদনা ছড়ানো হোক না কেন, তা সমানভাবে নিন্দনীয়। প্রযুক্তির অভাবনীয় উন্নতির যুগেও ধর্মের নামে মানুষের ভালোবাসা, স্বাধীনতা ও বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

শ্রীলেখা আরও প্রশ্ন তোলেন, সৌদি আরব, ইরান কিংবা বিশ্বের অন্য কোথাও মানুষের স্বাধীনতা ও জীবনের অধিকার লঙ্ঘিত হলে প্রতিবাদ কি শুধু সামাজিক যোগাযোগমাধ্যমের কয়েকটি পোস্টেই সীমাবদ্ধ থাকবে?

তিনি জানান, এসব ঘটনা তাঁকে গভীরভাবে প্রভাবিত করে। অন্যদের মতো সহজে সবকিছু ভুলে স্বাভাবিক হয়ে উঠতে পারেন না বলেও উল্লেখ করেন অভিনেত্রী।

Leave A Reply


Math Captcha
74 − 64 =