Wednesday, November 4

কে-ড্রামাপ্রেমীদের কাছে ২০১৬ সালটি ছিল বিশেষ এক সময়। একের পর এক জনপ্রিয় কোরিয়ান ড্রামা মুক্তি পেয়ে তখন বিশ্বজুড়ে দর্শকদের মধ্যে তৈরি করেছিল ব্যাপক সাড়া। দেখতে দেখতে পেরিয়ে গেছে ১০ বছর। ২০২৬ সালে এসে এক দশক পূর্ণ করেছে সেই সময়ের আলোচিত সাতটি কোরিয়ান ড্রামা।

কে-ড্রামার ভক্ত হলে তালিকার বেশির ভাগ নামই আপনার পরিচিত হওয়ার কথা। প্রেম, ফ্যান্টাসি, রহস্য, ইতিহাস কিংবা আবেগ—ভিন্ন ভিন্ন গল্পের এই সিরিজগুলো মুক্তির বহু বছর পরও দর্শকদের নস্টালজিয়ায় ফিরিয়ে নেয়। চলুন দেখে নেওয়া যাক এক দশক পূর্ণ করা সেই সাত জনপ্রিয় কে-ড্রামা এবং বর্তমানে কোথায় দেখা যাচ্ছে।

গবলিন

গং ইউ, কিম গো-উন ও লি ডং-উক অভিনীত ‘গবলিন’ ২০১৬ সালের অন্যতম আলোচিত কোরিয়ান ড্রামা। ফ্যান্টাসি ও রোমান্সের মিশেলে তৈরি গল্পের কেন্দ্রীয় চরিত্র এক অমর গবলিন। নিজের অভিশাপ থেকে মুক্তি পেতে এমন এক নারীর সন্ধান করেন তিনি, যিনি তাকে এই অমরত্বের বন্ধন থেকে মুক্ত করতে পারবেন।

গবলিন ও গ্রিম রিপারের বন্ধুত্ব, হাস্যরস এবং মূল প্রেমের গল্প ড্রামাটিকে দর্শকদের কাছে বিশেষভাবে জনপ্রিয় করে তোলে। বর্তমানে এটি নেটফ্লিক্স ও ভি মুভিজ অ্যান্ড টিভিতে দেখা যাচ্ছে।

ডিসেন্ড্যান্টস অব দ্য সান

সং জুং-কি ও সং হ্যে-কিয়ো অভিনীত ‘ডিসেন্ড্যান্টস অব দ্য সান’-এর গল্প এগিয়েছে একজন সেনা কর্মকর্তা ও একজন চিকিৎসকের প্রেমকে ঘিরে। বিপজ্জনক মিশন, মানবিক সংকট ও সম্পর্কের টানাপোড়েনের মধ্য দিয়ে এগিয়ে যায় গল্প।

জিন গু ও কিম জি-উনও এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। ড্রামাটি বর্তমানে নেটফ্লিক্স, জিওহটস্টার, জি৫ ও আমাজন প্রাইম ভিডিওতে স্ট্রিম করা যাচ্ছে।

লাভ ইন দ্য মুনলাইট

পার্ক বো-গাম ও কিম ইউ-জুং অভিনীত ঐতিহাসিক রোমান্টিক ড্রামা ‘লাভ ইন দ্য মুনলাইট’-এর গল্প রাজপ্রাসাদকেন্দ্রিক। একজন তরুণী পুরুষের পোশাক পরে নপুংসক পরিচয়ে রাজপ্রাসাদে প্রবেশ করেন। পরে যুবরাজের সঙ্গে তার সম্পর্ক ধীরে ধীরে অন্য মাত্রা পায়।

জিনইয়ং, চে সু-বিন ও কুয়াক ডং-ইয়নও অভিনয় করেছেন ড্রামাটিতে। বর্তমানে এটি নেটফ্লিক্সে দেখা যাচ্ছে।

ডব্লিউ – টু ওয়ার্ল্ডস

বাস্তবতা ও কল্পনার জগতের মেলবন্ধন ‘ডব্লিউ – টু ওয়ার্ল্ডস’-এর অন্যতম আকর্ষণ। লি জং-সুক ও হান হ্যো-জু অভিনীত এই ফ্যান্টাসি থ্রিলারে একজন সার্জন অপ্রত্যাশিতভাবে তার বাবার আঁকা জনপ্রিয় ওয়েবটুনের কাল্পনিক জগতে প্রবেশ করেন।

রোমান্স, রহস্য ও দুই ভিন্ন জগতের গল্পের কারণে সিরিজটি দর্শকদের মধ্যে আলাদা জায়গা তৈরি করে। বর্তমানে এটি নেটফ্লিক্স, ভি মুভিজ অ্যান্ড টিভি ও এমএক্স প্লেয়ারে স্ট্রিম করা যাচ্ছে।

সিগন্যাল

ক্রাইম থ্রিলারপ্রেমীদের কাছে ‘সিগন্যাল’ এখনো অন্যতম পরিচিত নাম। লি জে-হুন, কিম হ্যে-সু ও জো জিন-উং অভিনীত এই ড্রামায় রহস্যময় একটি ওয়াকি-টকির মাধ্যমে অতীত ও বর্তমানের দুই গোয়েন্দার মধ্যে যোগাযোগ তৈরি হয়।

অমীমাংসিত অপরাধের তদন্তের সঙ্গে টাইম ট্রাভেল ও ন্যায়বিচারের গল্পকে একসঙ্গে তুলে ধরেছে সিরিজটি। বর্তমানে এটি নেটফ্লিক্স ও আমাজন প্রাইম ভিডিওতে দেখা যাচ্ছে।

ওয়েটলিফটিং ফেয়ারি কিম বক-জু

লি সং-কিয়ং ও নাম জু-হিয়াক অভিনীত ‘ওয়েটলিফটিং ফেয়ারি কিম বক-জু’ তরুণদের জীবন, স্বপ্ন, বন্ধুত্ব ও ভালোবাসার গল্প নিয়ে তৈরি। গল্পের কেন্দ্রীয় চরিত্র বিশ্ববিদ্যালয়ের এক তরুণ ভারোত্তোলক, যে নিজের স্বপ্নের পাশাপাশি সম্পর্ক ও বন্ধুত্ব সামলে এগিয়ে যাওয়ার চেষ্টা করে।

লি জে-ইউন ও কিয়ং সু-জিনও এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। বর্তমানে ড্রামাটি নেটফ্লিক্স, ভি মুভিজ অ্যান্ড টিভি, জি৫, এমএক্স প্লেয়ার ও আমাজন এমএক্স প্লেয়ারে দেখা যাচ্ছে।

আনকন্ট্রোলিবলি ফন্ড

কিম উ-বিন ও সুজি অভিনীত ‘আনকন্ট্রোলিবলি ফন্ড’-এ দেখা যায় দুই সাবেক প্রেমিক-প্রেমিকার গল্প। দীর্ঘ বিচ্ছেদের পর বহু বছর পরে তাদের আবার দেখা হয়। কিন্তু বদলে যাওয়া জীবন ও পরিস্থিতির কারণে সেই পুনর্মিলন হয়ে ওঠে আরও আবেগঘন।

প্রেম, বিচ্ছেদ ও জীবনের অনিশ্চয়তাকে ঘিরে তৈরি এই ড্রামাটিও ২০১৬ সালের আলোচিত সিরিজগুলোর একটি। বর্তমানে এটি নেটফ্লিক্স ও জি৫-এ স্ট্রিম করা যাচ্ছে।

এক দশক পরও নস্টালজিয়া

২০১৬ সালের এই ড্রামাগুলো শুধু একটি নির্দিষ্ট সময়ের জনপ্রিয়তা নয়, কে-ড্রামার বিশ্বব্যাপী বিস্তারের সময়েরও স্মৃতি বহন করে। এক দশক পরও গল্প, চরিত্র ও আবেগের কারণে অনেক দর্শকের কাছে এগুলো হয়ে আছে নস্টালজিয়ার অংশ।

তাই এই সপ্তাহান্তে পুরনো দিনের সেই আবহে ফিরতে চাইলে তালিকার পছন্দের কোনো একটি ড্রামা আবার শুরু করে দিতে পারেন।

Leave A Reply


Math Captcha
+ 57 = 60